করোনায় দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন। অনেক ক্রীড়া তারকা তাদের সামর্থ্য মতো পাশে দাঁড়াচ্ছেন। তহবিল সংগ্রহে নিলাম করছেন প্রিয় জার্সি, ব্যাট, বুট, টুপি। সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছেন দেশের ফুটবল ইতিহাসে সেরা স্ট্রাইকারদের একজন শেখ মোহাম্মদ আসলাম। জাতীয় দল ও ঘরোয়া ফুটবলে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে পাওয়া জাতীয় পুরস্কার এবং এক জোড়া প্রিয় বুট নিলামে তুলতে চান এই সাবেক তারকা। তবে এসব স্মারক তিনি বিক্রি করবেন যদি ভালো দাম পান। কারণ করোনাদুর্গতদের সহায়তার মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি এসব নিলামে তুলতে চাইছেন। তাই তিনি চান সেগুলো বিক্রি হোক ভালো মূল্যে। আসলে এক সময়ের সতীর্থ মোনেম মুন্নার দু’টি ঐতিহাসিক জার্সি মাত্র ৫ লাখ ১০ হাজার টাকা সম্প্রতি নিলামে বিক্রি হওয়া দেখে খানিকটা হতাশ হয়েছেন আসলাম। তাই তো তিনি সমাজের ধনাঢ্যদের নিলামে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। যাতে নিলামে থেকে পাওয়া যায় বড় একটা অঙ্ক। যা থেকে সহায়তা পাবে বেশি সংখ্যক মানুষ, ‘মুন্নার দু’টি জার্সি এত কমে বিক্রি হওয়ায় আমি সত্যি হতাশ হয়েছি। এটা নিয়ে আরও বেশি প্রচার-প্রচারণা করা উচিত ছিল।’ নিজের জাতীয় ক্রীড়া পুরস্কার ও বুট বিক্রি প্রসঙ্গে বলেন, ‘করোনার কারণে বিপদে পড়া মানুষের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। আমিও দাঁড়াতে চাই। এ জন্য নিজের প্রিয় এক জোড়া বুট নিলামে তোলার ইচ্ছে আছে। তবে তার আগে নিশ্চিত হতে চাই এটা বিক্রি করে ভালো একটা অঙ্ক পাওয়া যাবে। প্রয়োজেন জাতীয় পুরস্কারও বিপদগ্রস্তদের জন্য নিলামে তুলতে চাই।’ ক্যারিয়ারে অনেক বুট পরেই খেলেছেন আসলাম। করেছেন স্মরণীয় অনেক গোল। সেগুলোর থেকেই একটি নিলামে তুলেতে চান জাতীয় দলের জার্সিতে ২৮ এবং ঘরোয়া লিগে ১৭৬ গোল করা এই স্ট্রাইকার।
×
