প্রতিষ্ঠানমালিকদের তথ্যমন্ত্রী

সম্মুখযোদ্ধা সাংবাদিকদের সুরক্ষা দিন

আপডেট : ১৩ মে ২০২০, ০৬:৩৪ এএম

করোনার সম্মুখযোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীদের কাজে পাঠানোর আগে পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী দেওয়ার জন্য প্রতিষ্ঠানমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সদস্যদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ড. হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আমার বিনীত অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী দিয়ে তারপর কাজে পাঠানোর জন্য। তা না করা হলে করোনায় আক্রান্তের সুযোগ থাকে।’

মন্ত্রী এ সময় করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে চিকিৎসক-নার্স, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মী ও দায়িত্বপালনরত সবাইকে অভিনন্দন জানান ও সম্প্রতি প্রয়াত তিন সাংবাদিকের আত্মার শান্তি কামনা ও করোনায় আক্রান্ত প্রায় একশ সাংবাদিকের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন।

তথ্যমন্ত্রী আরও জানান, সব গণমাধ্যমের কর্মীদের জন্য বিএসএমএমইউতে করোনা টেস্টে ‘ফাস্ট ট্রাক’ বা অগ্রাধিকার সুবিধার জন্য তিনি যে অনুরোধ করেছিলেন, বিএসএমএমইউ তা কার্যকর করেছে। গণমাধ্যমকর্মীদের করোনা চিকিৎসায় শয্যা সংরক্ষণে সাংবাদিকদের অনুরোধে অন্য একটি হাসপাতালেও  কথা বলবেন বলে জানান মন্ত্রী ড. হাছান।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম প্রমুখ। এ সময় কয়েকজন ডিইউজে সদস্যের হাতে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন তথ্যমন্ত্রী।

ডিইউজে সভার পর সাংবাদিকরা ‘করোনায় প্রত্যেক মৃত্যুর জন্য সরকার দায়ী’ বিএনপির এ মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমি অপেক্ষায় আছি, বিএনপি নেতারা কখন বলবেন যে, করোনাভাইরাসের জন্যও সরকার দায়ী!’

মন্ত্রী বলেন, সমগ্র বিশ্ব আজ করোনায় থমকে গেছে। ইউরোপ-আমেরিকায় তারা প্রাণহানি ঠেকাতে পারছে না। বিশ্বে এ প্রাদুর্ভাব দেখার সঙ্গে সঙ্গেই আমাদের সরকার নানা ব্যবস্থা নেওয়ায় অনেক উন্নত ও প্রতিবেশী দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো আছে। কিন্তু তাই বলে আমরা বসে নেই, যে কোনো পরিস্থিতি হতে পারে, তা মাথায় রেখেই সরকার সমস্ত প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে, দেশের এক-তৃতীয়াংশ মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা, মানুষের জীবনরক্ষায় নানা কর্মতৎপরতা চালানো সরকারের এসব কর্মকান্ডে দিশেহারা হয়ে বিএনপি কিছু ফটোসেশন করছে এবং সেখানে নানা কথাবার্তা বলে সরকারের কাজগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

‘আসলে রুহুল কবির রিজভী আহমেদসহ অনেক বিএনপি নেতাদের কথা শুনে সেগুলো উ™£ান্তের প্রলাপের মতো মনে হয়’ বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত