করোনা সংকটে সংস্কৃতিকর্মীদের পাশে নেই মন্ত্রণালয়

আপডেট : ১৩ মে ২০২০, ১১:২৮ পিএম

করোনার ভয়াবহতার দুই মাস পেরিয়ে গেলেও আর্থিক সংকটে থাকা সংস্কৃতিকর্মী ও শিল্পীদের পাশে দাঁড়াতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দেশের সংস্কৃতিকর্মীদের অনেকে।

এরই মধ্যে কেউ কেউ ফেইসবুকে স্ট্যাটাস লিখে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ দিকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, সারা দেশের ৫ হাজার শিল্পী ও সংস্কৃতিকর্মীকে সহায়তা করার পরিকল্পনা করছে মন্ত্রণালয়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, দুই মাসেও সংকটে থাকা শিল্পীদের তালিকা চূড়ান্ত করতে পারেনি মন্ত্রণালয়। কবে নাগাদ এই সহায়তা দেওয়া হবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই সহায়তা প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে পারছেন না আর্থিক সংকটে থাকা সংস্কৃতিকর্মীরা।  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বুধবার দেশ রূপান্তরকে বলেন, “আমাদের দিক থেকে সহায়তা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ৫ হাজার শিল্পী ও সংস্কৃতিকর্মীকে আমরা সহায়তা দেব। পরে সেটি বাড়তেও পারে। ইতিমধ্যে তালিকা যাচাই-বাছাই চলছে। ঢাকায় যাদেরকে দেওয়া হবে, শিল্পকলা একাডেমিতে এখন সেই তালিকা যাচাই হচ্ছে। সারা দেশের তালিকাও আমাদের হাতে এসেছে। ঈদের আগেই আমরা সহায়তার অর্থ সংকটে থাকা শিল্পী ও সংস্কৃতিকর্মীদের হাতে তুলে দেবো।”

এই দুর্যোগে সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নীরব থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বটতলা নাট্যদলের মোহাম্মদ আলী হায়দার বলেন, “সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কবে সহায়ত আসবে, আমরা জানি না। কিন্তু আমাদের শিল্পীদের অনেকেই ভীষণ আর্থিক কষ্টে দিনযাপন করছেন।”

নাট্যশিল্পী মাহফুজ সুমন বলেন, “এই দুর্যোগের সময় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন তাদের কর্মীদের সুরক্ষার জন্য নানা উদ্যোগ নিচ্ছে। কিন্তু সংস্কৃতিকর্মীদের অভিভাবক সংগঠনের ভূমিকা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের ভূমিকা আমাদেরকে হতাশ করেছে। তাদের সহায়তা কবে আসবে, আমরা আস্থা রাখতে পারছি না।”

মন্ত্রণালয়ের সহায়তা শিল্পীদের হাতে না পৌঁছালেও করোনা সংকট শুরু হওয়ার পর থেকেই সংস্কৃতিকর্মীরা নিজেরাই উদ্যোগী হয়ে আর্থিক সংকটে থাকা শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন।

‘সংস্কৃতিকর্মীবৃন্দ’ নামের একটি ব্যানারে তিন শতাধিক শিল্পী ও সংস্কৃতিকর্মীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা-সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে অনেকে তহবিল গঠন করে সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত