শিক্ষা উপমন্ত্রীর মা হাসিনা মহিউদ্দিন করোনা আক্রান্ত

আপডেট : ১৪ মে ২০২০, ০৫:০৯ এএম

চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মা  হাসিনা মহিউদ্দিনের (৬৫) করোনাভাইরাস পজিটিভ এসেছে। গত মঙ্গলবার রাতে হাসিনা মহিউদ্দিনের জামাতা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ৬৫ বছর বয়সী হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে গত রবিবার রাতে বিআইটিআইডির নমুনা পরীক্ষায় সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

ডা. সেলিম আখতার চৌধুরী বলেন, ‘গত সোমবার করোনা পরীক্ষার জন্য মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী, দুই মেয়ে, বাসার গৃহকর্মী, গাড়ি চালকসহ মোট ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার বিআইটিআইডি থেকে জানানো হয়েছে হাসিনা মহিউদ্দিনসহ তিনজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। অপর দুজন হলেন মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসার ৬০ বছর বয়সী পুরুষ কেয়ারটেকার ও ১৮ বছর বয়সী নারী গৃহপরিচারিকা।’

ডা. সেলিম আখতার চৌধুরী আরও বলেন, ‘হাসিনা মহিউদ্দিনসহ করোনা পজিটিভ হওয়াদের চশমা হিলের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো।’

প্রসঙ্গত, চট্টগ্রামে গত মঙ্গলবার বিআইটিআইডি, সিভাসু ও চমেক ল্যাবে মোট ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৪১৭ জনের করোনা পজিটিভ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত