মহামারী করোনার সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর এলিফ্যান্ট রোডের ‘সানরাইজ প্লাজা’ বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মার্কেটটি বন্ধ করা হয়। ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘গত দুদিন মার্কেট পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও স্প্রে টানেল বসানোর জন্য অনুরোধ করা হয়। মার্কেট কর্র্তৃপক্ষ কথা দিয়েছিল তারা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করবে এবং স্প্রে টানেল বসাবে। কিন্তু বুধবার ওই মার্কেট পরিদর্শনে গেলে সেখানে আগের অবস্থা দেখা যায়। তাই করোনার সংক্রমণ রোধে জননিরাপত্তায় মার্কেটটি বন্ধ করা হয়।’
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মার্কেট কর্র্তৃপক্ষ বা ব্যবসায়ীরা স্প্রে টানেল স্থাপন ও সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে পুনরায় দোকান খুলতে পারবে।
