চেকে ২৩ মে শুরু লিগ পর্তুগালে ৪ জুন থেকে

আপডেট : ১৪ মে ২০২০, ০৭:৪০ এএম

এক কথায় বলতে গেলে জার্মানির দেখানো পথেই হাঁটছে অন্যান্য দেশের ক্লাব ফুটবল। করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা পর্তুগাল লিগ শুরু হবে ৪ জুন থেকে। চেক প্রজাতন্ত্র আরও এগিয়ে, তারা লিগ শুরু করতে যাচ্ছে চলতি মাসের ২৩ তারিখ থেকে।

পর্তুগাল সরকার ৩০ মে থেকে লিগ শুরুর অনুমতি দিলেও লিগ কর্র্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ম্যাচ হবে ৪ জুলাই। করোনাভাইরাসের কারণে ১০ ম্যাচ বাকি থাকতে স্থগিত কারা হয়েছিল পর্তুগালের লিগ। পোর্তো বেনফিকার চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে।

চেক প্রজাতন্ত্রে লিগ শুরুর অনুমতি মিলেছিল আরও আগে। কিন্তু ক্লাবগুলোর সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে হয়েছিল। কেননা লিগ এখন চলবে জুলাই পর্যন্ত। আর জুনেই কিছু ক্লাবের স্পনসর এবং খেলোয়াড়ের চুক্তি শেষ হয়ে যাবে। সেই সমস্যার সমাধানের পর মিলেছে ক্লাবের পক্ষ থেকেও সবুজ সংকেত। তাই আর বাধা রইল না লিগ শুরু করতে। ২৩ মে প্রথম বিভাগ লিগ এবং পরের সপ্তাহে দ্বিতীয় বিভাগ লিগ চালু করা হবে। দেশটির প্রথম বিভাগ লিগে ৬ রাউন্ড এবং প্লে-অফ পর্ব বাকি আছে। যা শেষ করা হবে ১৫ জুলাইয়ের মধ্যে।

এখনো সিদ্ধান্তের অপেক্ষায় বেলজিয়াম!

করোনাভাইরাসের কারণে ইউরোপে সবার আগে লিগ বাতিল করে বেলজিয়াম। প্রো লিগ কর্র্তৃপক্ষ মৌসুমের বাকি অংশ বাতিলের ঘোষণা করে। ফলে শীর্ষে থাকা ক্লাব ব্রুজই চ্যাম্পিয়ন হবে তাই ধরে নেওয়া হয়। রেলিগেশন ও প্রমোশনের বিষয়গুলো নিয়ে পরে আনুষ্ঠানিকভাবে সবকিছু ঘোষণা করার কথা ছিল। নানা কারণে যা আর হয়নি। অবশেষে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় অনেকে চাইছিল লিগ আবারও শুরু করতে। কিন্তু দেশটির সরকার ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করেছে। তাই নতুন করে লিগের বাকি ম্যাচ শুরুর কোনো আশা নেই। লিগ স্থগিত হওয়ার সময় এবারের আসরে বাকি ছিল কেবল একটি রাউন্ড। চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য প্লে-অফ হওয়ার কথা ছিল। রাউন্ড লিগে দ্বিতীয় স্থানে থাকা গেঙ্কের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে ব্রুজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত