পোশাক শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদের বোনাসের বিষয়ে সিদ্ধান্ত আজ নেওয়া হবে। ঈদের আগে কবে নাগাদ মজুরি ও বোনাস দেওয়া হবে তা নির্ধারণ করতেই শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসবে সরকার-মালিকপক্ষ-শ্রমিকপক্ষের নেতারা। গত ১০ মে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ বৈঠক হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনার প্রভাবে রপ্তানিমুখী পোশাক খাতে অর্ডার বাতিল ও স্থগিত হয়ে যায়। কাজ না থাকায় অনেক মালিক সরকারি সাধারণ ছুটিতে কারখানা লে-অফ ঘোষণা করেন। এরপর মার্চের বেতনের দাবিতে ছুটি চলাকালেই শ্রমিকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম ভবনে দফায় দফায় ত্রিপক্ষীয় বৈঠক হয়। গত ৪ মে অনুষ্ঠিত সে বৈঠকে এপ্রিল মাসে ৬৫ ভাগ বেতনের সিদ্ধান্ত হয়েছে।
সূত্র জানায়, আজকের বৈঠকে প্রধান এজেন্ডা হচ্ছে, শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস। কবে মালিকরা কীভাবে বেতন-বোনাস দেবেন সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া এপ্রিল মাসের বেতন এবং চলমান অসন্তোষ নিয়ে আলোচনা হবে। বৈঠকে সংসদ সদস্য ও সাবেক বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকের থাকার কথা রয়েছে। এছাড়া শ্রমিকপক্ষে উপস্থিত থাকারা কথা রয়েছে জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর।
