প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেলেন ১২৬জন

আপডেট : ১৪ মে ২০২০, ০৯:২৪ পিএম

বরিশালে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ১২৬জন। আনুষ্ঠানিকভাবে বরিশালের ১১জনকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সহায়তা দেওয়া হয়। বাকিদের অর্থ সহায়তা মোবাইলের মাধ্যমে দেওয়া হয়।

ঈদের আগে বরিশাল জেলা ও সিটি করপোরেশন এলাকার ১ লাখ ৩০ হাজার মানুষকে ওই সহযোগিতা দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১জনকে মোবাইল ব্যাংকিং ‘নগদ’র মাধ্যমে আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, আনুষ্ঠানিকভাবে ১১জনকে নগদ ব্যাংকিং (নগদ) দেওয়া হয়। তবে জেলায় মোট ১ লাখ ৩০ হাজার মানুষকে এই সহায়তা দেওয়া হবে। এর মধ্যে বরিশাল জেলায় সুবিধাভোগী ৯০ হাজার এবং সিটি করপোরেশন এলাকায় ৪০ হাজার জন। ঈদের আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সবার হাতে এই অর্থ পৌঁছে যাবে।

বৃহষ্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে নগদ অর্থ পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার রাজমিস্ত্রী রিয়াজ হাওলাদার, বাকেগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন কুমার চন্দ, উজিপুরের অটোরিক্সা চালক সবুজ তালুকদার, মেহেন্দিগঞ্জের দিনমজুর রাশেদুল ইসলাম, গৌরনদীর ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল এবং সদর উপজেলার আনিচ হাওলাদার, নিনা ইসলাম, রামানন্দ সমদ্দার, রিয়াজ হাওলাদার, মো. কালাম ও জাহানারা বেগম। 

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচীর উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদানের ওই কার্যক্রমের আনুষ্ঠানিক শুরু করেন প্রধানমন্ত্রী।

এ সময় বরিশালপ্রান্তে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে সংসদ সদস্য পংকজ নাথ, নাসরিন জাহান রত্না আমীন, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে নগদ অর্থ নিতে আসা ১১জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তাও দেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত