যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের শিশুদের দেহে ‘বিরল’ কিছু উপসর্গ পেয়েছেন চিকিৎসকেরা। কভিড-১৯ এর ‘অতিসক্রিয়’ রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে শিশুদের দেহে এমন অস্বাভাবিক উপসর্গ দেখা দিতে পারে বলে মনে করছেন বোস্টন শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জেফরি বার্নস।
‘অতিসক্রিয়’ রোগ প্রতিরোধ ক্ষমতাকে পেডিয়াট্রিক মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম বলা হয়ে থাকে।
সিএনএনকে জেফরি বার্নস জানান, চিকিৎসকেরা প্রায় ১৫০টি শিশুর দেহে এ ধরনের উপসর্গ দেখেছেন। তাদের অধিকাংশই নিউইয়র্কের বাসিন্দা।
বার্নস বলেন, ‘মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম সরাসরি ভাইরাসের আক্রমণের কারণে হয় না। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা অতিসক্রিয় হওয়ার কারণেই এমনটা ঘটছে।’
এক্ষেত্রে দীর্ঘস্থায়ী জ্বর, প্রদাহ, এক বা একাধিক অঙ্গের কার্যকারিতা কমে যাওয়াসহ আরও কিছু লক্ষণ রয়েছে!
লস অ্যাঞ্জেলসের সিড্রাস-সিনাই মেডিকেল সেন্টারের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা মোশ আর্ডিটি জানান, শিশুদের চোখ ও জিহ্বা লাল হয়ে যাওয়া, ঠোঁট ফাটার মতো লক্ষণও দেখা গেছে। রক্তনালীর প্রদাহের কারণে এমনটা ঘটে থাকে।
তবে কভিড-১৯ এ আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুহার কম। বার্নস বলেন, অধিকাংশ শিশুর মধ্যেই গুরুতর উপসর্গ দেখা যায় না।
