মেহেরপুরের সাবেক সাংসদ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে সংবাদ প্রকাশিত হওয়ায় স্থানীয় তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মকবুলের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার এই মামলাটি দায়ের করেছেন।
যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন, মেহেরপুরে থেকে প্রকাশিত ‘দৈনিক মেহেরপুর প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এ এস এম ইমন এবং যুগ্ম সম্পাদক ও প্রতিবেদক আলামিন হোসেন।
গত ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় ‘গাংনীর সাবেক এমপি মকবুলের কান্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
মো. মকবুল হোসেন গাংনী আসনের সাবেক সাংসদ ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, দৈনিক মেহেরপুর প্রতিদিনের তিন সাংবাদিকের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ১২। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুল ইসলাম জানান, মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে আসামি গ্রেপ্তার করা ও আদালতে প্রতিবেদন দাখিলের কাজ শুরু করেছেন। মামলার ১ নম্বর আসামি ইয়াদুল মোমিন জানান, মামলার বিষয়টি তিনি শুনেছেন। প্রকাশিত সংবাদের পক্ষে সব তথ্য-উপাত্ত পত্রিকা কর্র্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। মামলাটি আইনগতভাবেই মোকাবিলা করা হবে।
