দেশের অধস্তন আদালতগুলোতে ভিডিও কনফারেন্সে শুনানির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার ১ হাজার ৮২১ জন জামিন পেয়েছেন। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তাদের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন পেয়েছেন ১৬৭ জন। এর আগে একই পদ্ধতিতে শুনানি শেষে গত মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার অধস্তন আদালতে ১৪৪ জন ও বুধবার আরও ১ হাজার ১৩ আসামি জামিন পান। এ নিয়ে অধস্তন আদালতে গত তিন দিনে ২ হাজার ৯৭৮ আসামি জামিন পেলেন।
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে সরকারনির্ধারিত ছুটির মধ্যে আইনজীবী, সাক্ষী ও আসামিদের শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় ১১ মে। এর আগে ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্র্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’-এর খসড়া অনুমোদন লাভের পর ৯ মে এ সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়।
