রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার বস্তাটি গাড়ি থেকে খোয়া যায়নি, ওই টাকা চুরি করা হয়েছে। টাকা উত্তোলনের কোনো এক পর্যায়ে ওই টাকার বস্তাটি গাড়ি থেকে চুরি করা হয় বলে প্রাথমিক তদন্তে তথ্যপ্রযুক্তি, সিসিটিভ ফুটেজ বিশ্লেষণে জানতে পেরেছে পুলিশ। গত রবিবার এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্র্তৃপক্ষ। মামলায় টাকার গাড়ির দায়িত্বে থাকা চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালতের নির্দেশে তাদের এক দিন রিমান্ডের পর ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, একজন গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মীকে কারাগাওে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, এই টাকা খোয়া যায়নি বা হারায়নি, টাকাটা আসলে চুরি হয়েছে। ওই টাকার গাড়ির দায়িত্বে থাকা চারজনের অসতর্কতায় কেউ একজন টাকার বস্তাটি চুরি করে নিয়ে যায়। তবে টাকা চুরির এই ঘটনায় গাড়ির ওই চারজনের কেউ জড়িত আছে কি না, তা আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি, তারা এ সংক্রান্ত বিশেষ তথ্য দেননি।’
