শিথিলতায় সংক্রমণ বাড়লেও নিয়ন্ত্রণে আনতে পারব

আপডেট : ১৫ মে ২০২০, ০৭:৫৪ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি নিষেধাজ্ঞা শিথিলতার জন্য হয়তো সংক্রমণ একটু বেড়ে গেছে। তবে আশা করি এটাও আমরা নিয়ন্ত্রণে আনতে পারব। উন্নত দেশের সঙ্গে তুলনা করলে আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। আমরা এটা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবু দেশের জনগণকে বলব আরও একটু নিজেরা সুরক্ষিত থাকেন।

গতকাল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ লাখ পরিবারের প্রত্যেককে আড়াই হাজার করে টাকা নগদ অর্থ প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া লোকজন এবং বিদেশফেরত জনগণ যাতে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সেজন্য কর্মসংস্থান ব্যাংকে ২ হাজার কোটি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ৫০০ কোটি টাকা আমানত হিসেবে দেবে সরকার।

একই অনুষ্ঠান থেকে তিনি অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্নাতক ও সমমান পর্যায়ের ২০১৯ সালের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। এ সময় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঈদ ও রমজান উপলক্ষে সব মসজিদে কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই দোয়া করেন যেন আমরা এ অবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারি। এটা বলব না সারাক্ষণ মাস্ক পরে থাকেন। কেননা আপনাদের কিন্তু অক্সিজেন নিতে হবে, নিঃশ্বাস নিতে হবে। কারও সঙ্গে কথা বলার সময় বা যখন জনসমাগমে যাবেন বা বাজারঘাটে যাবেন তখন পরবেন। যখন একা থাকেন তখন কিন্তু এটা পরবেন না। এটা কিন্তু অনেক সময় ভালোর চেয়ে ক্ষতিও করে। এমন মাস্ক পরতে হবে যাতে সহজে শ্বাস-প্রশ্বাস নেওয়া যায়। এন৯৫ মাস্ক কিন্তু সাধারণ মানুষের পরার জন্য নয়। এটা যারা ডাক্তার, নার্স বা যারা কভিড রোগীর সেবা দেবেন তাদের জন্য। এটা সাধারণ মানুষের পরার দরকার নেই বা যৌক্তিকতাও নেই। ঘরে তৈরি করেও মাস্ক পরা যায়। প্রধানমন্ত্রী বলেন, ‘এই রমজান মাসে সবাই মসজিদে যায়। তারাবি নামাজ পড়ানোয় মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের ভালো আয় হয়। কিন্তু এবার সেটা হচ্ছে না। যদিও যারা মসজিদ কমিটিতে আছেন তারা সহায়তা দিয়ে যাচ্ছেন, বিত্তশালীরা দান করে যাচ্ছেন। এরপরও আমি মনে করি আমাদের একটা দায়িত্ব আছে। সব মসজিদে ঈদ-রমজান উপলক্ষে আমি কিছু আর্থিক সহায়তা দেব। সেই তালিকাটাও আমরা করে দিচ্ছি।’

ঈদের আগে আরও সাত হাজার কওমি মাদ্রাসাকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে বিভিন্ন কওমি মাদ্রাসায় সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রায় ৬ হাজার ৮৬৫টি কওমি মাদ্রাসায় আর্থিক সহায়তা দিয়েছি। প্রায় ১০ কোটি টাকা আমরা ব্যয় করেছি। কোন মাদ্রাসায় কতজন এতিম আছে আমরা হিসাব নিয়েছি। সে হিসাব অনুযায়ী প্রত্যেক মাদ্রাসায় আমরা টাকা পাঠিয়ে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ে আরও সাত হাজার কওমি মাদ্রাসাকে ঈদের আগে আর্থিক সহায়তা দেওয়া হবে। এভাবে বিভিন্ন জায়গায় যারা এতিম-অসহায় আছে, কোনো শ্রেণিই যেন অবহেলিত না থাকে, সেদিকে লক্ষ রেখে আমরা ব্যবস্থা নিয়েছি।’

নগদ অর্থ সহায়তার জন্য সরকার ১ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রতি পরিবারে চারজন সদস্য ধরা হলে এ নগদ সহায়তায় উপকারভোগী হবে অন্তত দুই কোটি মানুষ। একই সঙ্গে অনলাইন মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় ২ লাখ ৯ হাজার ৬৭৪ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি বাবদ ১০২ কোটি ৭৪ লাখ ২ হাজার ৬০০ টাকা এবং টিউশন ফি বাবদ ৮ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকা (প্রায়) বিতরণ করা হয়।

উপকারভোগীদের তালিকায় রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকের পরিবহন শ্রমিক ও হকারসহ করোনাভাইরাস সংক্রমণ রোধে দেওয়া লকডাউন বা শারীরিক দূরত্ব নিশ্চিত করার কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সরকারপ্রধান বলেন, ‘কর্মসংস্থান ব্যাংকের ঋণ প্রদান বৃদ্ধি করার জন্য আরও ২ হাজার কোটি টাকার বিশেষ আমানত দেওয়া হবে।’ তিনি বলেন, ‘যুবক শ্রেণিকে যাতে বেকার হয়ে ঘুরে না বেড়াতে হয় সেজন্য সেখান থেকে তারা ঋণ নিতে পারবে। নিজেরা ব্যবসা-বাণিজ্য করতে পারবে।’

প্রবাসীদের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের যারা প্রবাসী, তারা রেমিট্যান্স পাঠায়। তাদের যেন ঘরবাড়ি বিক্রি করে, ঋণ নিয়ে বিদেশে যেতে না হয়, তার জন্য প্রবাসী কল্যাণ নামে আরেকটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। সেই ব্যাংকেও আমরা আরও টাকা দেব। সেখানে আমরা অতিরিক্ত ৫০০ কোটি টাকা দেব। এর আগে ওখানে আমরা প্রায় ৪০০ কোটি টাকা দিয়েছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনারা জানেন, এখন প্রবাসে কাজের পরিধি সীমিত হয়ে গেছে। সেখানেও বহু মানুষ কাজ হারাচ্ছে এবং অনেকে দেশে ফিরে আসছে। তারা আমার দেশের নাগরিক। তারা ওখানে কষ্ট করুক সেটা আমি চাই না। তারা ফিরে এলে ফিরে আসবে। কিন্তু এখানে এসে তারা যেন কাজ করে খেতে পারে, তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি।’

ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। শিক্ষা মন্ত্রণালয় থেকে সংযুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে বক্তৃতা করেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া গণভবন প্রান্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পিএমও এবং গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বরগুনা, শরীয়তপুর, সুনামগঞ্জ এবং লালমনিরহাটের উপকারভোগী জনগণের সঙ্গেও মতবিনিময় করেন। ধান কাটায় কৃষকদের সাহায্য করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ নেতারা ধান কাটায় সাহায্য করায় আজ সারা বাংলাদেশের কৃষকের গোলাভরা ধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত