৬ নম্বর জার্সি নিলামে তুলবেন জামাল

আপডেট : ১৬ মে ২০২০, ০২:২৮ এএম

করোনাকালে বাংলাদেশ জাতীয় দল ও প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় ডেনমার্কে পরিবারের কাছে ফেরত গিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। সেখান থেকেই প্রায় ৪০০ অসহায় পরিবারকে আর্থিক ও খাদ্যদ্রব্য দিয়ে সহায়তা করেছেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এই উদ্যোগটা আরও এগিয়ে নিতে চান বাংলাদেশ অধিনায়ক। তাই জাতীয় দলে নিজের প্রিয় ৬ নম্বর জার্সিটি নিলামে তোলার চিন্তা করছেন জামাল।

৬ নম্বর জার্সি পরে বাংলাদেশের হয়ে অনেকগুলো ম্যাচই খেলেছেন জামাল। তবে একটি ম্যাচকে তিনি রেখেছেন আলাদা করে। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের মাটিতে স্বাগতিকদের সঙ্গে খেলা ম্যাচটিতে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন জামাল। কলকাতার বিশ্বভারতী স্টেডিয়ামে ভরা গ্যালারির সামনে কী ম্যাচটাই না খেলেছিল বাংলাদেশ। সাদউদ্দিনের গোলে এগিয়ে যাওয়া, প্রাধান্য বিস্তার করে খেলার পরও শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল জামালদের। জিততে না পারলেও সেই ম্যাচের জন্য ভারতীয় গণমাধ্যমের বাহবা ঠিকই কুড়িয়েছিল তারুণ্যনির্ভর বাংলাদেশ দল। তাই সেই ম্যাচটি যেই জার্সিটি পরে খেলেছিলেন, সেটিই নিলামে তুলতে চাইছেন জামাল, ‘করোনার সঙ্গে বাংলাদেশকে অনেক বেশি লড়াই করতে হচ্ছে। তাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে জার্সিটি নিলামে বিক্রি করতে চাই। জার্সি বিক্রি করে যে টাকা পাব সেটি দিয়ে আরও বেশিসংখ্যক মানুষকে সহায়তা করতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত