ত্রাণদাতা ও গ্রহীতার তালিকা প্রকাশ করবে আ.লীগ

আপডেট : ১৬ মে ২০২০, ০৪:৩৭ এএম

করোনাভাইরাস পরিস্থিতিতে সারা দেশে দলীয় ও সরকারিভাবে কী পরিমাণ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং সেসব ত্রাণ কারা গ্রহণ করেছেন সে তালিকা প্রকাশ করবে আওয়ামী লীগ। এজন্য সারা দেশে ত্রাণ সহায়তার হিসাব চাওয়া হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত ২৬ জেলার হিসাব পাওয়া গেছে। চলতি সপ্তাহে সব জেলার হিসাব কেন্দ্রীয় দপ্তরে পৌঁছে গেলে সংবাদ সম্মেলন করে দলের সভাপতি অথবা সাধারণ সম্পাদক দেশবাসীকে অবহিত করতে পারেন। আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই হিসাবের তালিকা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন দেশ রূপান্তরকে এসব কথা জানান। তাদের একজন বলেন, ‘যারা ত্রাণ দিচ্ছে তাদেরকে উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে দেশবাসীও জানল আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে, জনগণের পাশে দাঁড়িয়েছে।’ দলের সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায়  আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে জনমনে একটি প্রশ্ন আছে, গুজব ছড়াচ্ছে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক মহল। এগুলোর জবাব দিতে দলের ত্রাণ সহায়তার হিসাব প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ যে মাঠে আছে সেটা প্রমাণ হবে এর মধ্য দিয়ে।’

ক্ষমতাসীন দলের এক নেতা জানান, চলতি মাসের শুরুর দিকে সারা দেশে কী পরিমাণ ত্রাণ সহায়তা পৌঁছানো হয়েছে তার হিসাব চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সরকারি ত্রাণ কোথায় যাচ্ছে, কারা পাচ্ছে সেই খবর রাখতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন। ত্রাণগ্রহীতাদের তালিকা প্রকাশ করা নিয়ে এক ধরনের অস্বস্তি দলের ভেতরেও আছে। কিন্তু ত্রাণ নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তা খণ্ডাতেই ইচ্ছা না থাকলেও ত্রাণগ্রহীতাদের তালিকাও প্রকাশ করতে হচ্ছে।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ত্রাণ তদারকির দায়িত্ব সরকারি আমলাদের ওপর ন্যস্ত করায় দলের ভেতরে অসন্তোষ দেখা দেয়। ব্যক্তিগত উদ্যোগে যারা ত্রাণ সহায়তায় রয়েছেন তারা স্বীকৃতিবঞ্চিত হচ্ছেন মনে করে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিলেন। তাই ত্রাণদাতা এবং গ্রহীতার তালিকা প্রকাশ করে কেন্দ্রীয়ভাবে তাদের স্বীকৃতি দেওয়াও এই উদ্যোগের অংশ।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর আরেক সদস্য দেশ রূপান্তরকে বলেন, হিসাব পাওয়ার পর সেসব ত্রাণকর্তাকে দলীয় সভাপতির পক্ষ থেকে সাধুবাদ জানানো হতে পারে। তিনি বলেন, করোনাভাইরাস দুর্যোগে সরকারের পাশাপাশি দলও যে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে সেটা একেবারেই খবরের বাইরে রয়ে গেছে। বিএনপি এ নিয়ে অপপ্রচারে রয়েছে। আওয়ামী লীগ সভাপতির কাছে দলীয় ত্রাণ বিতরণের সঠিক তথ্য-উপাত্ত থাকলে দলও যে অবদান রাখছে তা তিনি তুলে ধরতে পারবেন। 

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য বলেন, সারা দেশে যেসব নেতা দলকে ব্যবহার করে ‘আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন’ তারা দেশের দুর্দিনে কী ভূমিকা রাখছেন তা দেখতে হিসাব চেয়েছেন দলীয় সভাপতি। তিনি বলেন, এই বিপদে কে কত সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাও দেখতে চান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, এই সময়ে কার কী ভূমিকা সেটা দেখতে চান দলীয় সভাপতি শেখ হাসিনা। দলীয়ভাবে কী পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়েছে তা জানতে চাওয়ার কারণ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ত্রাণ সহায়তায় নাই এমন অপপ্রচারের জবাব দেওয়া, দলের অ্যাকাউন্টিবিলিটি রক্ষা করা ও আমাদের ডাটাবেজে সংরক্ষণ করার প্রয়োজনে সারা দেশের হিসাব চাওয়া হয়েছে। এই তালিকা ভবিষ্যতেও কাজে লাগতে পারে।’ দলীয় ত্রাণ কার্যক্রম তদারকিতে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘লকডাউন শেষ হলে আমরা সারা দেশে তদারকিতে নামব। ঢাকায় দুয়েক দিনের মধ্যে শুরু করব। এর মধ্য দিয়ে দলীয়ভাবে ত্রাণ কার্যক্রম আরও জোরদার হবে।’ তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা নিয়ে বিএনপি যে অপপ্রচার করছে এর জবাব দিতে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। আমরা জনগণের পাশে আছি; পাশে থাকতে চাই।’ বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘যেসব ত্রাণগ্রহীতার নাম প্রকাশ করা যায়, আমরা তাদের নাম প্রকাশ করব। মূলত আমরা তালিকা সংরক্ষণ করব দলের প্রয়োজনেই।’

এ প্রসঙ্গে আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ দেশ রূপান্তরকে বলেন, ‘দলীয় নেতা যারা ত্রাণ বিতরণ করছেন সেসব ত্রাণদাতাকে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আমাদের ডাটাবেজের কাজে আসবে। এটা আমরা সংরক্ষণ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত