রাস্তার পাশে পড়ে ছিল লাশ, আতঙ্কে কাছে যায়নি কেউ

আপডেট : ১৬ মে ২০২০, ০৪:৪৩ এএম

দিনাজপুরের হিলিতে করোনার উপসর্গ নিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে। মৃত্যুর পর দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিল তার মরদেহ। করোনা আতঙ্কে কেউ কাছে যায়নি। গতকাল শুক্রবার সকাল থেকে হিলি-জয়পুরহাট সড়কের গোরস্থান এলাকায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে দুপুরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।

হাকিমপুর থানার এসআই বেলাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে রাস্তার পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ওই ব্যক্তি কান পরিষ্কার করার কাজ করত ও মাদকসেবী ছিল। কিছুদিন থেকে তিনি স্থানীয় মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলছিলেন। এলাকার কবরস্থানের পাশে একটি দোকানের বারান্দায় রাত কাটত তার।

এসআই বেলাল আরও বলেন, ‘ওই ব্যক্তি কিছুদিন ধরে শ্বাসকষ্টেও ভুগছিল। আজ (গতকাল) সকালের কোনো একসময়ে তিনি মারা যান। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কি না তা নিশ্চিত হতে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’

ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নামমুস সাঈদ দেশ রূপান্তরকে বলেন, ‘রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন এলে ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত