সীমিত পরিসরে গণপরিবহন চালু করুন : জাফরুল্লাহ

আপডেট : ১৬ মে ২০২০, ০৬:২৬ এএম

করোনা পরিস্থিতির মধ্যে সীমিতভাবে গণপরিবহন চালু করতে সরকারের কাছে সুপারিশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল শুক্রবার সকালে আদর্শ নাগরিক আন্দোলনের ডাকা ‘অবস্থান কর্মসূচি’তে অংশ নিয়ে তিনি এ সুপারিশ করেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে পথে পথে গাড়ি-ঘোড়া চলতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের বাহন গণপরিবহন চালু হয়নি। সে কারণে আমার একান্ত সুপারিশ প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন। অপরপক্ষে প্রতি দুই দিন সপ্তাহে প্রাইভেট কার চালানো বন্ধ রাখতে হবে।’

এ সম্পর্কে তিনি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের জন্য দুই মাস সরকারি খাদ্যসামগ্রী পৌঁছানোর দাবিও পুনর্ব্যক্ত করেন।

একই সঙ্গে ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান তিনি। তিনি বলেন, সারা দেশে দুই কোটি প্রান্তিক মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানো ও কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনার সময় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের বিষয়ে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানাই। তিনি আরও বলেন, শহরে বেশিরভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষজন ভাড়া বাড়িতে থাকেন। করোনা পরিস্থিতির কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে। তাই তারা বাড়িভাড়া পরিশোধ করতে পারছেন না, বিভিন্ন সেবামূলক বিল পরিশোধ করতে পারছেন না। এদেরও প্রধানমন্ত্রী ৫০% প্রণোদনা দিন।’

জাতীয় প্রেস ক্লাবের সামনের সামাজিক দূরত্ব বজায় রেখে আদর্শ নাগরিক আন্দোলনের উদ্যোগে তিন মাসের বাড়ি, মেস ও দোকান ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস বিল এবং হোল্ডিং ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারি ও ভর্তুকির দাবিতে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত