দেশে করোনার সংক্রমণের পর রাজশাহী মহানগরীতে শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে (রামেক) নমুনা পরীক্ষায় শহরের উপর ভদ্রা এলাকার ৫০ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়। ওই নারী গত ১০ মে নরসিংদী থেকে রাজশাহী এসেছিলেন।
রামেক ল্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার ৯৪টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু হয়। তবে ৫৬টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এর মধ্যে চারটির রিপোর্ট এসেছে পজিটিভ। ৫২টি নেগেটিভ। নতুন শনাক্ত হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়িই নওগাঁয়। একজনের বাড়ি রাজশাহী মহানগরীর উপর ভদ্রা। ৫০ বছর বয়সী ওই নারী তার কলেজ পড়ুয়া ছেলের সঙ্গে নরসিংদীতে থাকতেন। গত ১০ মে তিনি বাড়িতে ফেরেন। এর পর থেকেই ওই বাড়িতে তার ছেলে ও এক মেয়েসহ অবস্থান করছিলেন। তারা সেখানে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ১৩ মে তাদের তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়। গতকাল পরীক্ষায় শুধু ওই নারীর করোনা পজিটিভ পাওয়া যায়। তবে ছেলেমেয়ের রিপোর্ট আসে নেগেটিভ। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা আগে থেকেই বাড়িতে লকডাউন অবস্থায় আছেন। সেখানেই তার চিকিৎসা চলবে। ওই নারীর শারীরিক অবস্থা ভালো। তার কোনো ধরনের লক্ষণ ধরা পড়েনি, নরসিংদী থেকে এসেছিলেন বলে তাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। রাজশাহী জেলায় গত ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাস সংক্রমিত কভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর ১৭ জন শনাক্ত হওয়ার পর ১০ দিন নতুন করে কোনো আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। তবে বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীর বাগমারা উপজেলায় গাজীপুর থেকে আসা এক দম্পতির করোনা শনাক্ত হয়।
