ঘুমকেতুর টিজারে এক ঝলক নওয়াজউদ্দিন (ভিডিও)

আপডেট : ১৬ মে ২০২০, ০১:৩৬ পিএম

মুক্তি পেল অনুরাগ কাশ্যপ ও নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ছবি ‘ঘুমকেতুর’ টিজার। এই ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন রঘুবীর যাদব, ইলা অরুণ, স্বানন্দ কিরকিরে ও রাগিণী খন্না। 

‘ঘুমকেতু’ একটি কমেডি ছবি। এক অনভিজ্ঞ লেখককে নিয়ে ছবি গল্প। সে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজকদের কাছে তার গল্প বিক্রি করার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সফল হতে পারে না। লেখকের স্ট্রাগলের গল্প উঠে আসবে ছবিতে।

ওদিকে তার নামেই থানায় জমা পড়েছে হারিয়ে যাওয়া ব্যক্তির ডায়েরি। অনুরাগ কাশ্যপকে এই ছবিতে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে যার কাজ করতে মোটেই ভাল লাগে না। ঘুমকেতু নামের এক ব্যক্তির হারিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করতে বলা হয় তাকে। মজার কথা হল, ঘুমকেতু নিজেই আসে সেই থানায়, আরেকটি অভিযোগ নিয়ে। নওয়াজের অভিযোগ হল তার চিত্রনাট্য হারিয়ে গিয়েছে। কিন্তু পুলিশ অফিসারের কাছে রয়েছে হারিয়ে যাওয়া ব্যক্তির সম্পর্কে খুঁটিনাটি তথ্য। 

এই ছবিতে থাকবে অমিতাভ বচ্চন, রণবীর সিং-সহ অন্যান্য বেশ কয়েকজন তারকা। আগামী ২২ মে জিফাইভ-এ আসছে এই ছবিটি। পরিচালনা পুষ্পেন্দ্রনাথ মিশ্র-র। ফ্যানটম ফিল্মস ও সোনি পিকচার্স-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি।

ছবিটি আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে আটকে যায়। এবার সেই জট কাটিয়ে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি।

নওয়াজ জানিয়েছেন, এই ছবিটি বেশ ইউনিক। আগে এমন গল্প পর্দায় দেখা যায়নি। অভিনয়টা তিনি এনজয় করেছেন। আর সবথেকে ভাল লেগেছে তার অনুরাগ কাশ্যপের সঙ্গে অভিনয় করে। কারণ অনুরাগকে সাধারণত ক্যামেরার পিছনেই দেখা যায়। তার ছবিতে নওয়াজ আগে অভিনয়ও করেছেন। লকডাউনের সময়ে ছবিটি যে সবাইকে আনন্দ দেবে, তা নিয়েও একপ্রকার নিশ্চিত নওয়াজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত