বার্লিনে আজ মিউনিখের লড়াই

আপডেট : ১৭ মে ২০২০, ০১:৪৩ এএম

কোরিয়ান লিগ বেশ ঘোষণা করেই শুরু হয়েছে। বিশ্বজোড়া ফুটবলভক্তদের খেলা দেখানোর জন্য ইউটিউবে তারা ম্যাচ সম্প্রচার করেছে। এছাড়া আরও কিছু ছোট দেশের ফুটবল মৌসুম করোনাভাইরাসের সময়টাতে আলোচনায় ছিল। কিন্তু একজন পাঁড় ফুটবলভক্তের কাছে ইউরোপিয়ান ফুটবলের আমেজ না থাকলে সব কিছুই অনর্থক। সেই আমেজ ফিরিয়ে এনেছে বুন্দেসলিগা। গতকাল থেকে শুরু হয়েছে জার্মানির শীর্ষ ফুটবল লিগ।

অনেক আইন-কানুন আর বাধ্যবাধকতার মধ্যেও স্বাভাবিক সপ্তাহান্তের এক দরজা খুলে দিয়েছে বুন্দেসলিগা। শনিবার সবচেয়ে বড় আকর্ষণ ছিল ‘রেভিয়ারডার্বি’ খ্যাত বরুসিয়া ডর্টমুন্ড-শালকে ০৪ ম্যাচটি। ৮০ হাজার দর্শকাশনের খাঁ খাঁ শূন্য গ্যালারি প্রভাব ফেলতে পারেনি ডর্টমুন্ডের খেলোয়াড়দের মনে। ৪-০ গোলে হারিয়ে শীর্ষের বায়ার্ন মিউনিখের এক পয়েন্টের মধ্যে চলে এসেছে তারা। ৬৯ দিন পর খেলতে নেমেও একই রকম চনমনে ছিলেন আর্লিং হালান্ড। ২৮ মিনিটেই এগিয়ে দেন দলকে। রাফায়েল গুয়েরেরো’র ৪৫ ও ৬৩ মিনিটের দুগোলের মাঝে হঠাৎ সুযোগ পাওয়া থরগান হ্যাজার্ড করেন একটি গোল। রিয়াল মাদ্রিদের তারকা ইডেন হ্যাজার্ডের ছোট ভাই এই থরগান। ৫০ পয়েন্ট নিয়ে শুরু করা আরবি লাইপজিগ ফ্রেইবুর্গের কাছে হার বাঁচিয়েছে কোনো রকমে (১-১)। টুথপেস্ট কিনতে গিয়ে স্বাস্থ্য সুরক্ষার নিয়মভাঙা কোচকে ছাড়া খেলতে নামা আগসবুর্গ হেরে গেছে (১-২) উলফসবুর্গের কাছে। এছাড়া ডুসেলডর্ফ-প্যাডারবর্ন ম্যাচ গোলশূন্য থেকেছে। আজ দ্বিতীয় দিন মাঠে নামছে দেশটির সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ। দুর্বল ইউনিয়ন বার্লিনের মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলবে জার্মান জায়ান্টরা। অপর ম্যাচ কোলন ও মেইঞ্জের।

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে বুন্দেসলিগা আগ্রহের দিক থেকে বরাবরই পিছিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ ও ইতালিয়ান লিগের সঙ্গে তারা পেরে ওঠে না। এই যে স্প্যানিশ লিগ এশিয়া অঞ্চলে শুধু ফেইসবুকে লাইভ করে, তাও বুন্দেসলিগার কোনো ম্যাচের চেয়ে বেশি দর্শক পায়। সেদিক থেকে ক্রান্তিলগ্নে সবার আগে লিগ শুরু করে বাজিমাত করেছে জার্মান লিগটি। অনলাইন, সম্প্রচার মাধ্যম এমনকি রেডিওতে তারা তাদের ইতিহাসে সর্বোচ্চ ভিউয়ারের সম্ভাবনা দেখছে। বায়ার্ন সিইও, সাবেক অধিনায়ক কার্ল-হেইঞ্জ রুমেনিগে প্রায় বিলিয়ন দর্শকের আশা করছেন।

আজ বায়ার্নের ম্যাচ বলে এই দর্শক সংখ্যা বিশ্বজুড়ে আরও বাড়তেও পারে। ম্যাচটি বায়ার্ন প্রতিপক্ষ ইউনিয়ন বার্লিনের জন্য স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছে। এই প্রথম শীর্ষ লিগে উঠে আসা দলটি প্রথমবারের মতো তাদের স্টেডিয়ামে আতিথ্য দিতে যাচ্ছে তাদের দেশের সবচেয়ে বড় দলকে। পরিতাপের বিষয়, এমন ম্যাচ মাঠে থেকে উপভোগ করতে পারবেন না ইউনিয়ন সমর্থকরা করোনামহামারীর কারণে। প্রথম মৌসুমেই বেশ ভালো খেলা ইউনিয়ন এবার অঘটনের স্বপ্নও দেখছে। কারণ বায়ার্নের মাঠে গত অক্টোবরে প্রথম লেগে মাত্র ২-১ গোলে হেরেছিল তারা। এদিকে বায়ার্নের সবচেয়ে বড় স্বস্তি রবার্ট লেভানডোস্কির ফিট হয়ে ওঠা। করোনাকালে পাওয়া বিরতিতে ইনজুরি কাটিয়ে উঠেছেন। অথচ লিগ চালু থাকলে গ্রোয়েন ইনজুরির কারণে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সামনের জার্মান ডার্বি মিস করার কথা ছিল এই পোলিশ স্ট্রাইকারের। এই মৌসুমে ২৫ গোল করে ফেলেছেন তিনি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমে দুবারই ৩০ গোল করে জার্মান লিগে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছিলেন। এবার হাতে ৯ ম্যাচ বাকি। বায়ার্নের পোলিশ গোলমেশিন এবার নিজের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখতেই পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত