ফিরল বুন্দেসলিগা, ডর্টমুন্ডের গোল উৎসব

আপডেট : ১৭ মে ২০২০, ০২:৪৯ এএম

করোনাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর মাঠে ফিরল বুন্দেসলিগা। ইউরোপের শীর্ষ ফুটবল আসরগুলোর মধ্যে জার্মানিতেই প্রথম করোনা প্রাদুর্ভাবের মাঝে ফুটবল ফিরল। প্রথম দিনে ডার্বি ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড উড়িয়ে দিয়েছে শালকেকে।

টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ড এদিন নিজেদের মাঠ সিগন্যাল ইদুনায় ৪-০ গোলের জয় তুলে নেয়। গোল পেয়েছেন আর্লিং ব্রট হরলান্ড। ২৯ মিনিটে প্রথম গোলটাই আসে তার পা থেকে। ছিল একটি এসিস্টও।

তবে জোড়া গোল করে ম্যাচের নায়ক রাফায়েল গেররেইরো। ম্যাচের ৪৫ ও ৬৩ মিনিটে গোল আদায় করেন তিনি। ৪৮ মিনিটে অন্য গোলটি করেন তোরগ্যান আজার।

দীর্ঘ বিরতি শেষে ফুটবল ফেরার দিনে মোট খেলা ছিল ৬টি। ডর্টমুন্ড ও শালকে ম্যাচের মতো বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়তেই শুরু হয় আরো ৪ ম্যাচ।

যেগুলোর মধ্যে লাইপজিগ ও ফ্রেইবার্গের মধ্যকার ম্যাচ ১-১ গোলে ড্র হয়। হার্থা বার্লিনকে ৩-০ গোলে হারায় হফেনহাইম। ফর্চুনা ডুসেলডর্ফ ও পাডেবর্নের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়। অগসবার্গকে ২-১ গোলে হারায় উলফসবার্গ।

অন্যদিকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হওয়া দিনের শেষ ম্যাচে আইনথ্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-১ গোলে হারায় বরুসিয়া মনশেনগ্লাডবাখ।

২৬ ম্যাচে ১৬ জয়, ৬ ড্র ও ৪ হারে দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলে ১৭ জয় ও চারটি করে ড্র-হারে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৫৫।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত