চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত বেড়েই চলেছে। গত ৮ এপ্রিল প্রথম রোগী শনাক্ত হয়। এরপর থেকে গত শুক্রবার পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পৌরসভা ও সলিমপুরে সবচেয়ে বেশি ১৬ জন আক্রান্ত হয়েছেন।
উপজেলায় মোট এক হাজার ৫৪১ জনকে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এদের কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। গতকাল শনিবার পৌরসভার বিভিন্ন বাজারে স্বাভাবিক সময়ের মতো জনসমাগম দেখা গেছে। শারীরিক দূরত্ব দূরে থাক, বেশিরভাগ মানুষ মুখে মাস্কও ব্যবহার করছেন না।
ইতিমধ্যে কয়েকজন শ্রমিক আক্রান্ত হওয়ায় কুমিরার পিএইচপি ঢেউটিন কারখানা, ভাটিয়ারীর সীমা অটো স্টিল কারখানা ও বাড়বকুণ্ডের বিএম এলপিজি কারখানা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, শনাক্তদের শরীরে হালকা জ্বর ছাড়া তেমন লক্ষণ ছিল না। ফলে তারা অবাধে সবখানে ঘোরাঘুরি করায় অনেকে সংক্রমিত হয়েছেন। সচেতন হয়ে ঘরে না থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানান তিনি।
