করোনা পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঈশ্বরদীতে বন্ধ হয়নি ট্রেনের তেল চুরি। ট্রেনের ইঞ্জিনের বিপুল পরিমাণ তেল বিক্রির সময় রেলওয়ের ওয়েম্যান খালাসি ও রেল শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিনকে (৩২) আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখার কর্মকর্তারা। গতকাল শনিবার দুপুরে ঈশ্বরদী শহরের স্টেশন রোডের ফকিরের বটতলা এলাকার একটি দোকান থেকে ৬৪৪ লিটার (৪ ড্রাম) চোরাই তেলসহ তাকে আটক করা হয়।
আরএনবির গোয়েন্দা শাখার এএসআই সিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে জানান, ডিইএন-২ অফিসের গ্যাংকার চালানোর জন্য ঈশ্বরদী লেকোশেড থেকে ৪ ড্রাম ডিজেল আনা হয়। কিন্তু সেই তেল অফিসে না নিয়ে ওয়েম্যান খালাসি রোকন উদ্দিন রাস্তার পাশের একটি তেলের দোকানে বিক্রি করতে যান। এ সময় তাকে হাতেনাতে আটক করেন এএসআই সিদ্দিকুর। এতে ক্ষুব্ধ হয়ে সিদ্দিকুরকে মারধর ও গলাটিপে হত্যার চেষ্টা করেন রোকন। তখন তেলের দোকানে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। খবর পেয়ে আরএনবির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে রোকনকে আটক করে তার কাছ থেকে ৬৪৪ লিটার চোরাই তেল উদ্ধার করেন।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আসাদুল হক দেশ রূপান্তরকে জানান, শ্রমিক লীগ নেতা রোকনের কাছ থেকে চোরাই তেল উদ্ধারের ঘটনায় ট্রাফিক অফিসার আবদুস সোবাহানকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, শ্রমিক লীগ নেতা রোকনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে রেলওয়ের তেল চুরির সঙ্গে জড়িত। কিন্তু ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পান না।
