ঈদে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতি জটিল করতে পারে : কাদের

আপডেট : ১৭ মে ২০২০, ০৭:১৩ এএম

ঈদের আগে দলে দলে মানুষের গ্রামমুখী হওয়ার প্রবণতায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাস সংকট মোকাবিলায় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, এ সংযমের মাসেও মানুষ সামাজিক দূরত্ব না মেনে দলে দলে গ্রামের দিকে যেতে শুরু করেছে। শহর থেকে গ্রামে যাওয়ার এ প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আপনারা দেখছেন পরিস্থিতি অবনতিশীল।’

শপিংমল ও ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে বাড়তি ভিড় তৈরি করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা প্রকারান্তরে নিজের এবং চারপাশের মানুষের জীবনে গভীর অমানিশা ডেকে আনা। এভাবে চলতে থাকলে দুর্ভোগের অন্ধকারাচ্ছন্ন বর্ষাকাল অতিক্রমের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

করোনা পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থা দেশের স্বাস্থ্যব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে। আমি আন্তর্জাতিক এ সংস্থাটিকে বলতে চাই, আপনারা খোদ ইউরোপসহ উন্নত দেশগুলোর দিকে তাকান। সেসব দেশও নানা সীমাবদ্ধতা নিয়ে চিকিৎসা দিচ্ছে। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সক্ষমতা বাড়ানোর চেষ্টা রয়েছে। এখন ৪১টি কেন্দ্রে টেস্ট করা হচ্ছে। সুরক্ষাসামগ্রী সংগ্রহ বাড়ছে দিন দিন।’

তিনি আরও বলেন, ‘নতুন করে চিকিৎসক-নার্স নিয়োগ করা হয়েছে। এর বাইরে স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন।’

ঘরহীন মানুষদের খুঁজে খুঁজে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকেই আছেন, যাদের ঘর নেই, যারা খোলা আকাশের নিচে, ফ্লাইওভারের নিচে, বিভিন্ন রেলস্টেশনে আছেন। তাদের খুঁজে খুঁজে তালিকা তৈরি করে ঈদের আগে সাহায্য-সহযোগিতা পৌঁছে দিন। এ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়ন তথা প্রণোদনা কার্যক্রমে কোনোরূপ অনিয়ম সরকার বরদাশত করবে না। ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা সরকারের অঙ্গীকার। যেই অনিয়ম করবে, দলীয় পরিচয়ে হলেও ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারা দেশে নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায় মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ। নিজেদের জীবন বাজি রেখে যেসব নেতাকর্মী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত