যশোরে মঙ্গলবার থেকে ফের বন্ধ হচ্ছে দোকানপাট

আপডেট : ১৭ মে ২০২০, ১১:০১ পিএম

আগামী মঙ্গলবার থেকে যশোরের সব দোকানপাট বন্ধ থাকবে। করোনা পরিস্থিতিতে জনসাধারণকে বার বার সতর্ক করার পরও স্বাস্থ্যবিধি না মেনে মার্কেট-শপিংমলে ভিড় জমানো ও বেচাকানা করায় রবিবার এই সিদ্ধান্ত হয়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষ হওয়ার পর যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ এপ্রিল যশোর জেলাকে লকডাউন করা হয়েছিল। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ মে নির্ধারিত শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়।

রবিবার বিকেল তিনটায় সার্কিট হাউসে জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোরের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আগামী মঙ্গলবার থেকে ফের দোকানপাট, শপিংমল, মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক বলেন, এই বিষয়ে গণ বিজ্ঞপ্তি জারি করা হবে। সেটা আজও (রবিবার) হতে পারে, আগামীকালও হতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, করোনা সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে রবিবার করোনার টেস্টের ফলাফলে যশোরের তিনটি নমুনা পরীক্ষা করে দুটি পজিটিভ ফল মিলেছে। এ নিয়ে যশোরে মোট ৯৮ জন করোনা রোগী শনাক্ত হলেন বলে জানান সিভিল সার্জন শেখ আবু শাহীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত