করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই জার্মানিতে মাঠে ফিরেছে ফুটবল। শনিবার শুরু হয়েছে বুন্দেসলিগা। এর ঠিক পরদিনই জরুরি সভা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। একই সঙ্গে মৌসুমের সমাপ্তি টেনে দেওয়া হয়েছে স্বাধীনতা কাপ বাতিল করে দিয়ে। দেশের ফুটবল পেশাদারযুগে পদার্পণের পর প্রথম কোনো লিগ শেষ হওয়ার আগেই পরিত্যক্ত হয়ে গেল। এর ফলে ২০১৯-২০ মৌসুমে কোনো দলের নাম থাকবে না চ্যাম্পিয়নশিপ তালিকায়। একই ভাবে রেলিগেশনও হচ্ছে না কোনো দল।
মাত্র ছয় রাউন্ডের খেলা হওয়া লিগটি নিয়ে স্থগিত হওয়ার পর থেকেই আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে। কভিড-১৯ এর প্রাদুর্ভাব যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ১৫ মার্চ আবাহনী ও মুক্তিযোদ্ধার ম্যাচের পর স্থগিত হয়ে যায় লিগ। তখন পর্যন্ত আবাহনী এবং চট্টগ্রাম আবাহনী ছয়টি করে ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ দলের পয়েন্ট টেবিলে ছিল যৌথভাবে শীর্ষে। আর পাঁচটি করে ম্যাচ খেলে উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ১ পয়েন্ট নিয়ে ছিল তলানিতে। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২৪ মার্চ সবরকম আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বাফুফে। মূলত তখন থেকেই ক্লাব এবং তাদের ফুটবলাররা অপেক্ষায় ছিল লিগের ভবিষ্যৎ জানতে। এর মধ্যে বাফুফের পেশাদার লিগ কমিটি দু’টি সভা করে ক্লাবগুলোর সঙ্গে। ২৫ এপ্রিল সর্বশেষ সভায় বেশিরভাগ ক্লাব লিগ বাতিলের দাবি তোলে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বাফুফের নির্বাহী কমিটি খুব অল্প সময়েই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়।
সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘লিগ কমিটি কখনোই একটা লিগের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রাখে না। আমরা নির্বাহী কমিটির কাছে যাই এবং এএফসির কাছ থেকে একটা নির্দেশনা চাই। সেটি পেয়ে আজ (গতকাল) আলোচনা করেছি। দু’পর্বের লিগের এক পর্বও কিন্তু সম্পন্ন হয়নি। কিছু ক্লাব ৬টি ম্যাচ খেলেছে, কিছু ক্লাব ৫টি ম্যাচ খেলতে পেরেছে। সেক্ষেত্রে আমরা লিগটি পরিত্যক্ত ঘোষণা করেছি। একই সঙ্গে স্বাধীনতা কাপও বাতিল করা হয়েছে। এর মধ্য দিয়ে ২০১৯-২০২০ ফুটবল মৌসুমটারও সমাপ্তি ঘটল।’
পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বর-অক্টোবরে নতুন মৌসুম শুরুর কথা জানান সালাম, ‘এখন পরের মৌসুমের ব্যাপারে সবকিছু নির্ভর করছে করোনাপরিস্থিতির ওপর। তারপরও আশা করে বলেছি উন্নতি হলে ২০২০-২০২১ মৌসুম শুরু করতে চাই সেপ্টেম্বর-অক্টোবরে।’ পরের মৌসুমের ফরম্যাট নিয়ে অনেক কথাই হচ্ছে। কেউ বলছে বিদেশি ছাড়া লিগ আয়োজনের কথা। কেউ কেউ পুরনো ফরম্যাটেই শুরুর পক্ষে। তবে বেশিরভাগ ক্লাব চায় ফুটবলারদের পুরনো চুক্তিতেই আরেকটি মৌসুম খেলিয়ে নিতে। তাছাড়া লিগ পরিত্যক্ত হওয়ায় পরবর্তী এসব বিষয়ের সমাধান পরবর্তী সভায় করার কথা বলেছেন সালাম। একই সঙ্গে পরিস্থিতি ঠিক হয়ে গেলে বাফুফের নির্বাচনও সম্পন্ন হবে, যেটা ২০ এপ্রিল হওয়ার কথা ছিল। তাই সালাম মনে করেন নির্বাচন হয়ে গেলে পরবর্তী মৌসুম ও লিগের ফরম্যাট নতুনরাই ঠিক করবে। তবে কোনো সিদ্ধান্তই যাতে ক্লাব ও খেলোয়াড়দের স্বার্থের পরিপন্থী না হয় সেটি দেখার দায়িত্ব বাফুফের, মনে করছেন সাবেক তারকা ফুটবলার, ‘আমি মনে করি লিগ পরিত্যক্ত হয়ে গেলে অনেকগুলো সমস্যা আসবে। একটা আলাদা সভা করে এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমি চাই ক্লাব অথবা খেলোয়াড়দের কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয়।’
