সরকারের সহায়তা পৌঁছে দিচ্ছে শিওরক্যাশ

আপডেট : ১৮ মে ২০২০, ০৫:১৩ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে  করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে অর্থ পাঠানোর কর্মসূচি উদ্বোধন করেছেন। 

এর আওতায় রূপালী ব্যাংক শিওরক্যাশ ৮ লাখ পরিবারের মাঝে ২০০ কোটি টাকা সরাসরি সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। দেশব্যাপী শিওরক্যাশের এজেন্ট পয়েন্ট থেকে এই টাকা তুলতে কোনো খরচ লাগবে না।      

 রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই অনুদান কর্মহীনদের জন্য একটি বড় সাহায্য। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে এই কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।

শিওরক্যাশ সিইও ড. শাহাদাত খান বলেন, কয়েক সপ্তাহের মধ্যে সারা দেশের সুবিধাভোগীদের একটি ডাটাবেজ তৈরি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি অর্থ বিতরণ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি বড় সাফল্য।

করোনা সহায়তার পাশাপাশি রূপালী ব্যাংক শিওরক্যাশ প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির টাকা বিতরণ শুরু করেছে। ঈদের আগেই কোটি মায়ের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা।          

×
সর্বশেষ সর্বাধিক পঠিত