গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৮ মে ২০২০, ০৬:১৩ এএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিসের পোস্টমাস্টার মজিবর রহমানকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুবৃর্ত্তরা।

গতকাল রবিবার দুপুরে কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মজিবর রহমানকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

কালিহাতী থানার ওসি হাসান আল-মামুন পোস্টমাস্টারের স্বজনদের বরাত দিয়ে জানান, গতকাল দুপুর ২টায় বল্লা পোস্টমাস্টার মজিবর রহমান কালিহাতী পোস্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা রানার রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বল্লা সাবপোস্ট অফিসে যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় মজিবর রহমানের ডান পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মজিবর রহমানকে উদ্ধার করে কালিহাতী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও একটি মিস ফায়ারের গুলি পাওয়া গেছে বলেও পুলিশের এই ওসি জানান।

সেখানেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে গতকাল সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম সজীব নিশ্চিত করেছেন।

কালিহাতী উপজেলা পোস্টমাস্টার আবদুল মোমিন সাংবাদিকদের জানান, কালিহাতী পোস্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করে রানার রফিকুল ইসলামকে নিয়ে বল্লা সাবপোস্ট অফিসে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানতে পারেন তিনি।

ওসি হাসান আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনা উদঘাটন ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত