দুর্নীতির অভিযোগ এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য করলে তাকে বিদায় দিতে পিছপা হবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, এ ধরনের কোনো কিছু নজরে আসার সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য যদি কাউকে বিদায় দিতে হয়, তাতেও পিছপা হব না। ডিএসসিসি একটি দুর্নীতিমুক্ত মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।’
গতকাল রবিবার বেলা ১১টায় ডিএসসিসির বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণের সঙ্গে প্রথম মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা এবং সততার সঙ্গে সেবার ব্রত নিয়ে স্ব-স্ব দায়িত্ব পালনের নির্দেশনা দেন। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকও বক্তৃতা করেন।
সিটি করপোরেশনের কার্যক্রম আইন, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এর আগে সকালে ধানম-িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
