করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম উচ্চবিদ্যালয়ের মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নিতে মাইকিং করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত রবিবার বিকেলে প্রধান শিক্ষক শওকতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।
গত ১১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লকডাউন চলছে। এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে জেলা প্রশাসন।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান শিক্ষকের নির্দেশে গত শনিবার জেঠাগ্রামে মাইকিং করা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত অটোরিকশায় চড়ে এক তরুণ মাইকিং করেন। পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের অর্থ নিয়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরুর পর একই রাতে আবারও মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বারণ করা হয়।
নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় আমরা সরাসরি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না। সে জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে বলার পর কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে।’
