সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন স্থানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত রবিবার রাতে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে মারা যান চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য খোদেজা রহমান। খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে মৃত্যু হয় নারীর। গাইবান্ধার সুন্দরগঞ্জে একই সমস্যা নিয়ে মারা যান ঢাকাফেরত আরেক নারী। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল ইসলাম কলেজ হাসপাতালে শ্বাসকষ্টনিয়ে মারা যান এক ব্যক্তি। এ ছাড়া চট্টগ্রামের বাঁশখাখীতে জ্বর ও শ্বাসকষ্টে মৃত্যু হয় আরেক ব্যক্তির। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর অনুযায়ী গত ৩৯ দিনে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে এ নিয়ে মারা গেছে ১৮৩ জন।
চাঁদপুর : জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য খোদেজা রহমান রবিবার রাত ১১টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত লুৎফুর রহমান পাটওয়ারীর স্ত্রী খোদেজা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন। স্বজনরা জানান, কিছুদিন ধরে তিনি ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, খোদেজার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ অনেকে শোক প্রকাশ করেছেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কাঞ্চন মিয়া (৪৩) নামে এক ব্যক্তি মারা যান। গতকাল দুপুর ১২টার দিকে ভর্তি হওয়া কাঞ্চনের দুপুর ২টার দিকে মৃত্যু হয়। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় কাঞ্চনকে। এ সময় তার তীব্র শ্বাসকষ্ট ছিল। এ ছাড়া তিনি হার্টের সমস্যা ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট ও কাশি নিয়ে ঢাকাফেরত এক নারী (৩০) মারা যান। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথপাড়া (নয়াপাড়া) গ্রামের ওই নারী ও তার স্বামী ১৪ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। রবিবার বিকেলে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। ভর্তি হওয়ার আগেই তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান সরকার বলেন, ওই নারী ও তার স্বামীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া ওই নারীর সংস্পর্শে আসা ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বাঁশখালী (চট্টগ্রাম) :জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার খন্দকারপাড়ায় সোমবার সকালে আকতার হোসেন (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সওগাতুল ইসলাম জানান, ১০ দিন আগে চট্টগ্রাম শহর থেকে বাড়িতে আসেন আকতার। ৫ দিনের জ¦র, বুকে ব্যথা নিয়ে তিনি বাড়িতেই ছিলেন। রবিবার রাত ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
খুলনা : সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে কবিতা মণ্ডল নামে ৫৫ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। বটিয়াঘাটা উপজেলার শুকদাড়া এলাকার ওই নারী সকালেই জ্বর,, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, কবিতা মণ্ডলের নমুনা সংগ্রহ করা হয়েছে।
