এক দিনেই ৫ হাজার নতুন রোগী ভারতে

আপডেট : ১৯ মে ২০২০, ০৩:২৯ এএম

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় ভারতে এক দিনে সর্বোচ্চ উল্লম্ফন ঘটেছে। এতে দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯ জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার দেশটিতে শনাক্ত হওয়া নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৪২ জন, যা ছিল এক দিনে সর্বোচ্চ।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতজুড়ে তৃতীয় দফার লকডাউন শেষের পর সোমবার থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে, যা আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই লকডাউনের গাইডলাইন ঘোষণা করার দিনটিতেই দৈনিক নতুন আক্রান্তের সংখ্যায় সবচেয়ে বড় উল্লম্ফন ঘটেছে।

এনডিটিভি জানিয়েছে, দেশটিতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র রাজ্য। এরপর আছে গুজরাট, তামিলনাড়ু ও দিল্লি। গত রবিবার এক দিনে ২ হাজার ৩৪৭ জন নতুন আক্রান্ত হওয়ার পর মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ১ হাজার ১৯৮ জন। গুজরাটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৮০ জন এবং মৃতের সংখ্যা ৬৫৯ জন। তামিলনাড়ুতে নতুন শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৬৩৯ জন ছিল। এতে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ২২৪ জনে দাঁড়িয়েছে। শুধু চেন্নাইয়ের একটি সবজি বাজার থেকেই আক্রান্ত হয়েছে ২ হাজার ৬০০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৭২১ জন করোনাভাইরাস আক্রান্ত নিয়ে রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে। এখানে মৃত্যু হয়েছে ১৬০ জনের। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭৭ জন এবং মৃত্যু হয়েছে ২৩৮ জনের।

দেশটিতে এ পর্যন্ত ৩৬ হাজার ৮২৪ জন কভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত