সাও পাওলোর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে

আপডেট : ১৯ মে ২০২০, ০৩:৪৪ এএম

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে জরুরি শয্যার সংকট দেখা দিয়েছে ব্রাজিলের সাও পাওলো শহরে। এই অবস্থায় শহরটির মেয়র সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। 

বিবিসি বলছে, সাও পাওলোর সরকারি হাসপাতালগুলোর সক্ষমতার ৯০ শতাংশ রোগীতে পূর্ণ হয়ে গেছে এবং দুই সপ্তাহের মধ্যে হাসপাতালগুলোতে আর কোনো জায়গা থাকবে না বলে জানিয়েছেন মেয়র ব্রুনো কোভাস। এখানে এ পর্যন্ত কভিড-১৯ এ প্রায় ৩ হাজার লোকের মৃত্যু হয়েছে।

লকডাউনের নিয়মকে যারা বিদ্রুপ করছেন তারা জনগণের জীবন নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেছেন তিনি। সাও পাওলোর জনসংখ্যা প্রায় এক কোটি ২০ লাখ। শহরটির অধিকাংশ বাসিন্দা সামাজিক দূরত্ববিধি মানছেন না। এর আগে শনিবার স্পেন ও ইতালিকে ছাড়িয়ে আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে চতুর্থ শীর্ষস্থানে উঠে এসেছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্যের পরই আছে ব্রাজিল। ব্রাজিলের চরম ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বাড়তে থাকা করোনাভাইরাস সংকট যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন তা নিয়ে দেশে-বিদেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। লকডাউন ও সামাজিক দূরত্ববিধির বিরোধিতা করে আসছেন তিনি। সামাজিক দূরত্ব বজায় রাখার বৈশ্বিক স্বাস্থ্য পরামর্শ উপেক্ষা করে গত রবিবার রাজধানী ব্রাসিলিয়ায় সমর্থক ও শিশুদের সঙ্গে নিয়ে ছবি তুলেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত