বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ উপকূলের দিকে ধেয়ে আসার কারণে চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা অ্যালার্ট-৩। ঘূর্ণিঝড়ের কারণে পণ্য ওঠা-নামার কাজ ব্যাহত হতে পারে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে মোংলা বন্দরে বন্ধ রয়েছে পণ্য খালাসের কাজ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের জেটিতে থাকা জাহাজগুলো থেকে পণ্য ওঠা-নামার কাজ চললেও বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাস কমে গেছে। তবে বন্দর থেকে ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক ছিল। বন্দর সূত্র জানায়, আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম বন্দরের জন্য ৬ নম্বর বিপদ সংকেত দেওয়ার পরপরই গতকাল বন্দরে বিশেষ সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়। বন্দর জেটিতে বার্থিং নেওয়া জাহাজগুলোতে পণ্য ওঠা-নামা চালু থাকলেও নতুন করে কোনো জাহাজ বার্থিং দেওয়া হয়নি। গতকাল সন্ধ্যা ৭টায়ও বন্দর থেকে কন্টেইনারবাহী লরি ও পণ্যবাহী কাভার্ড ভ্যান বের হতে দেখা গেছে। অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান অতি প্রবল হওয়ায় গতকাল মোংলা বন্দরে জাহাজে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার শেখ ফকর বলেন, আবহাওয়ার পূর্বাভাসে মোংলা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলায় বন্দর কর্তৃপক্ষ জাহাজের সব কাজ বন্ধ করে দেয়। মোংলা বন্দরে গতকাল পর্যন্ত সার, ফ্লাইঅ্যাশ, কয়লাবাহীসহ ১৪ দেশি-বিদেশি জাহাজ ছিল।
×
