জুলাইয়েই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর!

আপডেট : ১৯ মে ২০২০, ০৫:২৫ এএম

ফুটবলে জার্মানি আর ক্রিকেটে শ্রীলঙ্কা! খেলা মাঠে ফেরানোর ব্যাপারে জার্মানির মতো উদাহরণ সৃষ্টি করার চেষ্টায় শ্রীলঙ্কা। নিজেদের দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রাখায় এ সাহস দেখাচ্ছে ভারত মহাসাগরের দ্বীপদেশটি। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাই মাঠে ক্রিকেট ফেরানোর কথা ভাবছে। বছরের মাঝামাঝি জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করতে চায় শ্রীলঙ্কা। এর আগে জুনের শেষ দিকে ভারতের বিপক্ষে হোম সিরিজও করতে চায় তারা। যদিও অতিথিদের কাছে থেকে সবুজ সংকেত এখনো পাওয়া হয়নি।

এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, ‘ভারত ও বাংলাদেশ উভয় বোর্ডের কাছে আমরা জানতে চেয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষায় আছি। এখনো পর্যন্ত বলতে পারি, সিরিজ দুটি স্থগিত হয়নি।’ শ্রীলঙ্কায় এখন কভিড-১৯ আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা পাঁচশর কম। গত দুই সপ্তাহ ধরে পরিস্থিতি স্থিতিশীল। কারফিউ ধীরে ধীরে শিথিল করে দিচ্ছে সরকার।

তবে সিরিজ আয়োজনে বড় শঙ্কা বিমান যোগাযোগ। এখানে শ্রীলঙ্কা সরকার ও বাকি দুই দেশের সরকারের তাদের বিমান যোগাযোগের স্থগিতাদেশ তুলে নিতে হবে। এছাড়া ক্রিকেটারদের শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ লম্বা সময়ের সফরের বিষয়টিও এখানে আসছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধামাল জানিয়েছেন, সরকারের অনুমতি না পেলে বোর্ডের কিছু করার নেই। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও তুলে ধরলেন ভ্রমণ নিষেধাজ্ঞার কথা। শ্রীলঙ্কায় এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। জুলাইয়ে বাংলাদেশের সফরে আছে তিন ম্যাচের টেস্ট সিরিজ, যেটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত