ট্রাক উল্টে দম্পতিসহ ৪ জন নিহত

আপডেট : ২০ মে ২০২০, ০৭:১৩ এএম

ট্রাকে করে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুর্ঘটনায় দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, করোনা পরিস্থিতিতে বাস চলাচল বন্ধ থাকায় তেলবাহী ওই ট্রাকে করে ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন তারা। পথে ট্রাকটি উল্টে খাদে পড়ে মৃত্যু হয় তাদের।

নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আলী আকবর (২৮), তার স্ত্রী নূরজাহান বেগম (২০), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোহেল রানা (২২) ও অজ্ঞাত এক নারী (২৪)। তারা সবাই ওই ট্রাকের যাত্রী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, সয়াবিন তেলবাহী ট্রাকটি কয়েক যাত্রীসহ ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। পথে রায়গঞ্জের নলকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। আহত হন আরও কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। এর মধ্যে মৌলভীবাজারের রাজনগরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া ঝালকাঠির নলছিটিতে ট্রাকচাপায় স্কুলছাত্রী, গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় দুজন ও সাভারের আশুলিয়ায় কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঝালকাঠি : নলছিটিতে ট্রাকচাপায় রূপা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারইকরণ সড়কের মালিপুর আল কাদেরিয়া দরবার শরীফের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কেনাকাটা করতে ছোট বোনকে নিয়ে ইমরান নামে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে নলছিটি শহরের দিকে যাচ্ছিল রূপা। পথে মালিপুর দরবার শরীফ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রূপাকে মৃত ঘোষণা করেন। নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মৌলভীবাজার : রাজনগরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। মঙ্গলবার ভোরে উপজেলার গোবিন্দবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বদিউজ্জামান (৪০) ও মিশু বেগম (৩০)। তারা সবাই রাজশাহীর বাসিন্দা। পুলিশ জানায়, ৩-৪টি পরিবারের সদস্যরা মিলে মাইক্রোবাসটি ভাড়া করে মৌলভীবাজার থেকে রাজশাহী যাচ্ছিল। পথে রাজনগরের গোবিন্দবাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। রাজনগর থানার ওসি আবদুল হাসিম জানান, লাশ দুটি উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।

সাভার : আশুলিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ঘোষবাগ ইটাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আশুলিয়া থানার এসআই আল-মামুন কবির জানান, সোমবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো যাত্রীবোঝাই লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। পথে ঘোষবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গাজীপুর : শ্রীপুরে কাভার্ডভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রিনা বেগম (৩৮) ও মেহেদী হাসান (৪৫)। মাওনা হাইওয়ে থানার এসআই চান মিয়া জানান, ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন মেহেদী ও রিনা বেগম। একটি মোটরসাইকেল রিনাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। মেহেদী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে একটি কাভার্ডভ্যান দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা বেগম ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত