চাঁদপুর সদরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, গত সোমবার গভীর রাতে উপজেলার কুমারডুগি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান ভুট্টো (৫০) উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। পেশায় তিনি একজন সার ব্যবসায়ী।
নিহতের স্বজনরা জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ভুট্টোর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার
গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজিজুরের বন্ধু ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান পাটওয়ারী জানান, এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আজিজুর। মাদকসেবীরা সংঘবদ্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আজিজুর রহমানকে কারা কী কারণে হত্যা করেছে, তা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের পরই সব তথ্য বেরিয়ে আসবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
