চট্টগ্রামে হালদা নদীর জীববৈচিত্র্য, কার্প জাতীয় মা মাছ এবং ডলফিন বাঁচাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অংশীদারত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নদী এলাকার সংসদ সদস্যদের উপদেষ্টা রাখার পাশাপাশি কমিটিতে কারা থাকবেন সেটিও নির্ধারণ করে দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
চট্টগ্রামের রাউজান উপজেলায় হালদা নদীতে ডলফিন রক্ষার নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মে হাইকোর্ট এক আদেশে আর একটি ডলফিনও যেন হত্যা বা শিকার না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। একই সঙ্গে বিবাদীরা ডলফিন রক্ষায় কী পদক্ষেপ নিয়েছে তা আদেশপ্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে ইমেইলের মাধ্যমে আদালতকে জানাতে বলা হয়। রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইয়ুম লিটন।
এরই ধারাবাহিকতায় গতকাল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতিবেদনের ওপর শুনানি হয়।
