দেশে অনলাইন ক্যাসিনোর ‘হোতা’ সেলিম প্রধানের সহযোগী দক্ষিণ কোরিয়ার নাগরিক ইয়াংসিক লি’কে জামিন দেয়নি হাইকোর্ট। ক্যাসিনো কারবারের মাধ্যমে অর্থপাচারের একটি মামলায় তার জামিনের আবেদনের ওপর গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ কোনো আদেশ দেয়নি (নো অর্ডার)। গত ২২ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন ইয়াংসিক।
অনলাইন জুয়ার কারবারে জড়িত থাকার অভিযোগে গত বছর ৩০ সেপ্টেম্বর সেলিম প্রধানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব। ‘প্রধান গ্রুপ’ নামে একটি গ্রুপের শীর্ষ ব্যক্তি তিনি। র্যাব জানিয়েছে, এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামে একটি কোম্পানি তাদের ওয়েবসাইটে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনো কারবার চালিয়ে আসছিল। অর্থপাচারের অভিযোগে গত বছর ২ অক্টোবর গুলশান থানায় সেলিম প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় তার সহযোগী ইয়াংসিক লিকেও আসামি করা হয়।
ওই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন ইয়াংসিক।
