অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসায় মোংলা বন্দরে জারি ছিল গতকাল বুধবার ১০ নম্বর মহাবিপদ সংকেত। সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ে। ছিল প্রচণ্ড ঝড়ো বাতাসও। আর করোনাভাইরাসের ঝুঁকি তো আছেই। তবে এই পরিস্থিতির মধ্যেও গতকাল দুপুরে খোলা ছিল পৌর শহরের দোকানপাট। সেসব স্থানে অনেককে স্বাভাবিকভাবে ঘোরাঘুরি ও কেনাকাটা করতে দেখা যায়। কেথাও কেথাও ভিড়ও দেখা যায়। ক্রেতারা বলেন, ভয় তো আছেই, কেনাকাটাও তো করতে হবে। দোকানিরা বলেন, ঈদের মৌসুম বলেই খোলা, তবে বেচাকেনা নেই।
গতকাল আশ্রয়কেন্দ্রগুলোতে লোকজনকে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়। পৌর শহরের আশ্রয়কেন্দ্রগুলোতে খুব বেশি লোকজন দেখা যায়নি। তবে গ্রামাঞ্চলের সাইক্লোন শেল্টারগুলোতে অনেক মানুষ আশ্রয় নেয়। আগের রাতে সাড়ে ৭ হাজার মানুষ আশ্রয় নেয় ওইসব আশ্রয়কেন্দ্রে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান বলেন, যেহেতু মহাবিপদ সংকেত জারি হয়েছে, এখন নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। জানমাল রক্ষায় যেতে বাধ্য করা হবে।
