যতটা চোখ রাঙানি ছিল ততটা ভয়ংকর না হলেও ঘূর্ণিঝড় আম্পানের কারণে বাংলাদেশ উপকূলে ধ্বংসযজ্ঞ একেবারে কম হয়নি। উপকূলীয় অনেক জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুদের খুঁটি। গতকাল রাত ১টা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আম্পানের আঘাতে। এর মধ্যে পটুয়াখালীতে এক স্বেচ্ছাসেবক, ভোলা, পিরোজপুর ও বরগুনায় একজন করে মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় মারা গেছে ২ জন।
পিরোজপুর প্রতিনিধি জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের বরাতে জানিয়েছেন, জেলার মঠবাড়িয়ায় দেয়ালচাপা পড়ে একজন মারা গেছেন। তিনি বাড়িতেই ছিলেন। ঝড়ের তোড়ে দেয়াল ধসে পড়লে চাপা পড়ে মৃত্যু হয় তার। নিহত ওই বৃদ্ধের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর। এদিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি দলের এক সদস্যের মৃত্যু হয়েছে নৌকা ডুবে। প্রতিনিধি জানিয়েছেন, একটি খালে দমকা হাওয়ায় নৌকাটি কাত হয়ে ডুবে যায়। তিনি পড়ে যাওয়ার পর গামবুট ও গায়ে ভারী পোশাক থাকার কারণে আর উঠতে পারেননি।
ভোলা প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড় আম্পান উপকূলে আঘাত হানার আগেই ভোলার চরফ্যাশনে ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ জানান, ছিদ্দিক ফকির নামের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ বয়স্ক ভাতা আনার জন্য ভাড়া করা মোটরসাইকেলে উপজেলা সদরে যাচ্ছিলেন। ঝড়ো বাতাসে একটি গাছ ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরগুনা প্রতিনিধি জানিয়েছেন, জেলার পরীরখাল আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শহিদুল ইসলাম (৬৫) নামের ওই ব্যক্তি গত মঙ্গলবার রাতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
এদিকে ভারতে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে হাজার হাজার কাঁচা ঘরবাড়ি এবং গাছপালা ভেঙেছে। সাড়ে ৭টা পর্যন্ত ঝড়ে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সংবামাধ্যমটির খবর অনুসারে হাওড়ার শালিমারে ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে মারা গেছে ১৩ বছরের এক কিশোরী। মিনাখাঁয় মাথায় গাছ পড়ে মৃত্যু হয়েছে এক নারীর। ওদিকে, বসিরহাটে বাড়ির উঠানে গাছ ভেঙে পড়ে মারা গেছে ২০ বছরের এক তরুণ।
