২৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে : এনামুর

আপডেট : ২১ মে ২০২০, ০৬:২৪ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর কারণে উপকূলীয় অঞ্চলের প্রায় ২৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সরকারের সবশেষ প্রস্তুতি নিয়ে গতকাল বুধবার বিকেলে সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে  এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় এ পর্যন্ত ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া ৫ লাখ ১৭ হাজার ৪৩২টি গবাদিপশুকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।’

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এই ঘূর্ণিঝড়ে যাতে একজন মানুষও ঝুঁকিপূর্ণ অবস্থানে না থাকে, আমরা সেই নির্দেশ দিয়েছি। লোকসংখ্যা বেড়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা ১২ হাজার ৭৮ থেকে বাড়িয়ে ১৪ হাজার ৩৩৬টি করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জনকে নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করার প্রয়োজন না হলে ১৪ হাজার ৩৩৬টি আশ্রয়কেন্দ্রে ৫৭ লাখ ১৩ হাজার ৬০৭ জন মানুষকে রাখা সম্ভব হতো। দূরত্ব নিশ্চিত করতে অর্ধেক লোক রাখা হয়েছে।

ওষুধসহ মেডিকেল টিম প্রস্তুত রয়েছে জানিয়ে এনামুর রহমান বলেন, যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন, তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে।

ভাসানচরের ১২০টি শেল্টারের মধ্যে ১টিতে কিছু মানুষকে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের তদারকিতে নৌবাহিনী রয়েছে, তাদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত