করোনাভাইরাসে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের জন্য মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার বানাতে গিয়েও শেষ পর্যন্ত পারেনি মুম্বাইয়ের সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সেখান থেকে সরে এসে দেশের আরেক অভিজাত স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলাকে (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম) করা হলো শ্রমিকদের করোনা টেস্ট সেন্টার।
গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ থেকে আগত পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা হচ্ছে অরুণ ফিরোজ শাহ কোটলায়। এখানে তাদের স্বাস্থ্যপরীক্ষার পর বাসে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে নিজ নিজ রাজ্যে ফিরছেন শ্রমিকেরা। সব মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের অস্থায়ী বাসস্থান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পরিণত হয়েছে কোটলা।
প্রথম দফায় প্রায় ২৫০০ পরিযায়ী শ্রমিকের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে। ফের স্টেডিয়ামকে এই কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দিল্লি ক্রিকেট সংস্থা (ডিডিসিএ) বলছে, “মাত্র ১৫ মিনিটের নোটিশে আমাদের তৈরি থাকতে বলে দিল্লি সরকার ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। বিছানাপত্র সহ সমস্ত সরঞ্জাম সঙ্গে নিয়ে আসে। তদারকির জন্য আমাদের সমস্ত কর্মীদের কাজে লাগানো হয়।”
“প্রথম দিন সকালে ১০টি বাসে করে ৫০০ জন শ্রমিককে নিয়ে আসা হয় স্টেডিয়ামে। সন্ধ্যায় আসে আরও ১০টি বাস। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের পৌঁছে দেওয়া হয় গন্তব্যে।”
