স্বাস্থ্য খাতে সরকারের কোনো নজর নেই : রিজভী

আপডেট : ২২ মে ২০২০, ০৫:২৫ এএম

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য খাতের বরাদ্দেই সরকারের অবহেলা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে। এই যে বিশ্বব্যাপী মহামারীর কবলে গোটা বাংলাদেশ আজকে যে ভয়াবহ অবস্থা এখানে সরকারের অগ্রাধিকার যে খাত সেই খাতের মধ্যে ৭ নম্বরে রাখা হয়েছে স্বাস্থ্য খাতকে। গত বছর ছিল ১০ হাজার কোটি টাকা, এ বছর রাখা হয়েছে ১৩ হাজার কোটি টাকার একটু বেশি। অর্থাৎ এখনো এ স্বাস্থ্য খাতের ব্যাপারে সরকারের কোনো নজর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় এক ত্রাণ বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্য খাতে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, সরকারের মন্ত্রীরা খুব উষ্মা প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, আমরা দায়িত্ব নিয়ে কথা বলি না, তথ্যমন্ত্রী প্রতি সময়ে বিষোদ্গার করছেন। কই আপনারা তো কোনো কিছুর সমাধান করতে পারেননি। আজকে হাসপাতালে ভেন্টিলেটর নেই, অক্সিজেনের সিলিন্ডার নেই, যে যন্ত্র অক্সিজেন দেবে সেই যন্ত্র নেই। যে অক্সিজেন মাস্ক লাগে সেই মাস্ক ৪০ শতাংশ হাসপাতালে নেই। এগুলো কি ব্যর্থতা নয়? তিনি বলেন, এ ব্যর্থতার কারণেই তো করোনায় মানুষ মারা যাচ্ছে। এ ব্যর্থতা তো সরকারের। এ ব্যর্থতার সমালোচনা করলেই তারা (সরকার) খুব মন খারাপ করে, তারা রাগান্বিত হয়। যারা এসব বিষয় নিয়ে ফেইসবুকে লেখেন তাদের বিরুদ্ধে মামলা করে, গ্রেপ্তার করে। কালকে গাজীপুরে পলাশ নামে একটি ছেলে ফেইসবুকে লেখার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা-মোকদ্দমায় তারা সিদ্ধহস্ত। কে কোন বিষয়ে কী লিখছেন তাদের সরকারের নজরদারি রয়েছে অথচ করোনাকে প্রতিরোধ করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে তাদের কোনো নজর নেই। দুস্থ ও দরিদ্র মানুষের জন্য সরকারি ত্রাণসামগ্রী এবং দুস্থদের জন্য দেওয়া সরকারি অর্থ ক্ষমতাসীনরা লুটপাট করছে বলে মন্তব্য করেন তিনি।

গতকাল সকালে দক্ষিণ বাড্ডার ৯৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহানগর উত্তর সভাপতি এমএ কাইয়ুমের উদ্যোগে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান হয়। এ সময়ে মহানগর উত্তর সহসভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, ৯৭নং ওয়ার্ডের সভাপতি রাশেদ আলম মনু, সাধারণ সম্পাদক আবদুল কাদের বাবু প্রমুখরা উপস্থিত ছিলেন। এরপর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মৎস্যজীবী দলের উদ্যোগে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন রিজভী। এ সময় মহানগর দক্ষিণের সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত