ঈদে ঢাকা থেকে বের হতে দেওয়া হবে না এমন কড়াকড়ি ঘোষণার কয়েক দিন না যেতেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। খুলে দেওয়া হয়েছে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার সব পথ।
চলবে শুধু মাইক্রোবাস ও প্রাইভেটকারের মতো ব্যক্তিগত গাড়ি। তবে কোনো গণপরিবহনকে এসব পথে চলাচল করতে দেওয়া হবে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
গণমাধ্যমটির শুক্রবারের এক প্রতিবেদনে আরও বলা হয়, সরকারের উচ্চ পর্যায় থেকে পুলিশের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ সড়কে যাত্রীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।
এরই মধ্যে ঢাকার প্রবেশ এবং বের হওয়ার সড়কগুলো থেকে চেকপোস্ট সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ১৭ মে ঢাকার বাইরে যাওয়া এবং প্রবেশের ক্ষেত্রে বাড়তি কড়াকড়ি আরোপ করে পুলিশ। আগামী ৩০ মে পর্যন্ত এটি অব্যাহত থাকার কথা ছিল।
কিন্তু এরপরেও অনেক মানুষ ঢাকায় যাওয়া আসা করায় পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ আসন্ন ঈদে নিজস্ব অবস্থানস্থল না ছাড়ার পরামর্শ দেন।
করোনাভাইরাসের আরও ছড়িয়ে পড়া ঠেকাতে ঢাকা থেকে কাউকে বের হতে কিংবা ঢুকতে না দেওয়ার এই নির্দেশনা দেওয়া হয়েছিল।
এই নির্দেশনার তিন দিনের মাথায় এবার কড়াকড়ি শিথিল করার ঘোষণা আসলো। তবে সেটা শুধু মাইক্রোবাস এবং প্রাইভেটকারের মতো ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে।
অবশ্য ব্যক্তিগত পরিবহনে যাতায়াতের ক্ষেত্রেও প্রত্যেককে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।
