বাংলাদেশের বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবালের মাঝে নিজ দেশের সাবেক ওপেনার সাঈদ আনোয়ারকে দেখেন রমিজ রাজা।
বৃহস্পতিবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছিলেন তামিম। ‘রমিজ স্পিকস’ চ্যানেলে ‘চিট চ্যাট উইথ তামিম ইকবাল’ নামের অনুষ্ঠানে ক্রিকেট সংক্রান্ত নানা দিক ওঠে আসে।
আড্ডার এক ফাঁকে রমিজ বলেন, তামিমের খেলা দেখলে তার এক সময়ের সতীর্থ সাঈদ আনোয়ারের কথা মনে পড়ে।
রমিজ বলেন, ‘তুমি যেভাবে খেলে থাক, আমার তোমাকে দেখলেই সাঈদের কথা মনে পড়ে। আমি অনেক ক্রিকেট খেলেছি ওর সঙ্গে। সে তোমার মতই সহজাত ব্যাটিং প্রতিভার অধিকারী ছিল।’
২০০৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা সাঈদ পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট ও ২৪৭টি ওয়ানডে খেলেছেন। দুই ফরম্যাট মিলে এই বাঁহাতির রান ১২৮৭৬। ৬০ টেস্ট, ২০৭ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টিতে তামিমের মোট রান ১৩৩৬৫।
