আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আম্পানে ক্ষতিগ্রস্ত দুর্দশায় উদ্বেগ এবং মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে তিনি বলেন ‘গতকাল সুপার সাইক্লোন আম্পান বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় সাতক্ষীরাসহ কয়েকটি এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছে।
দেশের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র উপকূলবর্তী জেলাসমূহে এই ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাঁধ ভেঙে পানি সংলগ্ন এলাকার গ্রামগুলোকে ক্রমান্বয়ে তলিয়ে দিচ্ছে। মানুষের প্রাণহানি ছাড়াও হাজার হাজার কাঁচা বাড়িঘর বিধ্বস্ত, সহায়-সম্পত্তি, গাছপালা, চিংড়ি ঘের ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপন্ন মানুষদের প্রতি আমি গভীরভাবে সমব্যথী।
এহেন প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারীদের পরিবার-পরিজন এবং দুঃখ-দুর্দশায় পতিত বেঁচে থাকা মানুষদের সহানুভূতি জানানোর ভাষা আমার জানা নেই।
উপদ্রুত এলাকায় বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এই রকম দুর্যোগময় পরিস্থিতির পূর্বাভাস জেনেও উপকূলীয় এলাকার মানুষসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে তেমন কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। একদিকে করোনাভাইরাসের আঘাতে বাংলাদেশসহ সারা পৃথিবীতে বয়ে চলছে ভীতি আতঙ্কের প্রবাহ।
প্রতিনিয়ত করোনায় মৃত্যু ও অসুস্থতা মানুষকে তাড়া করছে, এর ওপর ঘূর্ণিঝড়ের করাল গ্রাসে উপকূলবাসীরা এখন বিপর্যস্ত ও দিশেহারা। ঘূর্ণিঝড়কবলিত এলাকার মানুষের সাহায্যার্থে দ্রুত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি ঘূর্ণিঝড় আক্রান্ত উপকূলীয় মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই ধরনের গুরুতর সংকটে সব সময়ই অসহায় মানুষের পাশে থাকবে। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিয়ে আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেছে। এবারেও শত প্রতিবন্ধকতা কাটিয়ে ঘূর্ণিঝড়কবলিত সংশ্লিষ্ট জেলাগুলোর উপদ্রুত মানুষ সংকট নিরসনে সক্ষম হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। ঘূর্ণিঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।’
