করোনার ৭টি জিনোম বিন্যাস উন্মোচন সিভাসুর

আপডেট : ২৩ মে ২০২০, ০৬:২৫ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) সাতটি নমুনার জিনোম বিন্যাস উন্মোচনের দাবি করেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু)। গত বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়, জিনোম গবেষণায় সিভাসুকে সহায়তা করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজিআরআই) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এসব জিনোম বিন্যাসের সঙ্গে সৌদি আরব, সিঙ্গাপুর, রাশিয়া ও অস্ট্রেলিয়ার কভিড-১৯-এর জিনোম বিন্যাসের মিল রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের সমন্বয়ে এই গবেষণায় যুক্ত আছেন প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ ছিদ্দিকী, মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. সিরাজুল ইসলাম, বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী, অধ্যাপক ডা. শাকিল আহমেদ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ড. মো. শহীদুল ইসলাম ও সাব্বির হোসেন।

এ বিষয়ে অধ্যাপক ড. জুনায়েদ ছিদ্দিকী বলেন, ‘জিনোম বিন্যাসের ফলে এখানে কী প্রজাতির ভাইরাস বিস্তার লাভ করছে, এর উৎপত্তিস্থল কোথায় এবং টিকা উন্নয়নে কোন প্রজাতির ভাইরাস বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে, তা জানা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের করোনা আক্রান্ত সাত রোগীর জিনোম বিন্যাসে তিনটি সৌদি আরব, দুটি সিঙ্গাপুর, একটি অস্ট্রেলিয়া ও একটি রাশিয়ার ভাইরাসের সঙ্গে মিল পাওয়া গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত