ঢাকা শহরেই ১৪ হাজার করোনা রোগী শনাক্ত

আপডেট : ২৬ মে ২০২০, ০২:৫২ পিএম

দেশে করোনাভাইরাস (কভিড-১৯)ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাই ছিল ভাইরাসের ‘হটস্পট’। সোমবার নাগাদ রাজধানীতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৫ জন।

জেলাগুলোতে করোনা শনাক্তের তুলনামূলক চিত্র নিয়ে করা বিবিসি বাংলার এক প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, দেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে।

এ পর্যন্ত রাজধানীতে রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৫ জন। তবে ঢাকার বাকি উপজেলাগুলো মিলে জেলায় মোট রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯২ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সোমবারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানীর ভেতর সবচেয়ে বেশি রোগী রয়েছে মহাখালী এলাকায়। সেখানে মোট রোগী শনাক্ত হয়েছে ৩৩৭ জন।

এরপরে যাত্রাবাড়ীতে শনাক্ত হয়েছে ৩০৭ জন আর কাকরাইলে শনাক্ত হয়েছে ২৯৮ জন। দুইশোর বেশি রোগী পাওয়া গেছে মুগদা (২৯৫) মোহাম্মদপুর (২৮০), রাজারবাগ (২১৩), উত্তরা (২১১) এবং মিরপুরে (২০৭)।

এর পরে রয়েছে- মগবাজার (১৯৭), তেজগাঁও (১৭৭), লালবাগ (১৬২), খিলগাঁও (১৫০) ধানমণ্ডি (১৪৯), বাবুবাজার (১৪৩), মালিবাগ (১৩১) এবং বাড্ডায় (১২৭)।

ঢাকার পরেই সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে নারায়ণগঞ্জে। এ জেলায় প্রায় ১ হাজার ৮৩৭ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৮৯ জন।

এর পরে রয়েছে- মুন্সীগঞ্জ (৬০১), গাজীপুর (৫৯১), কুমিল্লা (৫৬৭), কক্সবাজারে (৪১০), ময়মনসিংহ (৩৯৯), রংপুর (৩৮০) এবং নোয়াখালী (৩৭৮)।

সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে মেহেরপুরে ১২ জন। কম রোগী রয়েছে ভোলা (১৪) ও সিরাজগঞ্জেও (১৫)।

সরকারি হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশে ৩৫ হাজার ৫৮৫ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫০১ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত