প্রাইভেসি রক্ষায় স্যামসাংয়ের নতুন ‘চিপ’

আপডেট : ২৬ মে ২০২০, ০৩:৪৮ পিএম

মোবাইল ডিভাইসের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্যের সুরক্ষার জন্য নতুন একটি সিকিউর এলিমেন্ট (এসই) চিপ তৈরি করেছে স্যামসাং।

মঙ্গলবার স্যামসাং জানিয়েছে, এস৩এফভি৯আরআর নামের এই চিপ একটি সিকিউরিটি সফটওয়্যারের সাহায্যে স্বতন্ত্র সুরক্ষাকবচ হিসেবে কাজ করবে।

কোম্পানিটির দাবি, এই চিপের মাধ্যমে সর্বোচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

ভিন্ন স্টোরেজ ব্যবহার, মোবাইল পেমেন্ট কিংবা অন্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় এই চিপ সুরক্ষা নিশ্চিত করবে। মোবাইলের পাশাপাশি ট্যাবলেটেও ব্যবহার করা যাবে। একই সঙ্গে ই-পাসপোর্ট তথ্যেরও সুরক্ষা নিশ্চিত হবে।

দুই থেকে তিন বছরের পুরোনো ফোনের জন্য চিপটি বেশি দরকারি হতে পারে। কারণ এত পুরোনো ফোনে কোম্পানিগুলো কোনো ধরনের সিকিউরিটি আপডেট দেয় না।

যখন নতুন কোনো স্মার্টফোন রিলিজ হয়, প্রতিটি অ্যান্ড্রয়েড ভার্সনে সিকিউরিটি খতিয়ে দেখা হয়। এভাবে নতুন ফোন আসা শুরু করলে গুগল এবং অন্য ফোন প্রস্ততকারক প্রতিষ্ঠানগুলো পুরোনো ফোন থেকে নিজেদের সাপোর্ট সরিয়ে নেয়। এটি হয় সাধারণত দুই থেকে তিন বছরের পুরোনো ফোনে। আপডেট না পেলে ফোনগুলোকে প্রযুক্তির ভাষায় আর নিরাপদ বলা যায় না।

এই সমস্যা মোকাবিলায় স্যামসাংয়ের চিপটি কতটুকু কাজে দেয়, সেটি এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত